নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যারেজে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়ামসংলগ্ন আলিফ গ্যারেজে এ ঘটনা ঘটে। এতে বাসটির আনুমানিক ১৫ থেকে ২০টি আসন পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, রাতে আলিফ গ্যারেজে পার্কিং করে রাখা আনন্দ পরিবহনের একটি বাসে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় গ্যারেজের কর্মচারী সানিসহ অন্যরা প্রায় ১০ থেকে ১২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, বিষয়টি তারা শুনেছেন। কয়েক মাস আগেও একই পরিবহনের একটি বাসে এ ধরনের ঘটনা ঘটেছিল। এটি পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
