মিরপুরে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে কয়েকজন ওই পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর করেন। এ সময় তার কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয় বলেও জানান তারা।

আহত পুলিশ সদস্যের নাম মো. সাইমন। তিনি পল্লবী থানার কনস্টেবল। সংঘর্ষস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন তিনি।

এ বিষযে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, মিরপুর-১১ এলাকা থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হলে তারা কালশীর দিকে সরে যান। ওই সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। এ সময় একা পেয়ে পল্লবী থানার কনস্টেবল সায়মনের ওপর হামলা চালানো হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, মিরপুর-১১ নম্বরে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের আরও চার সদস্য আহত হয়েছেন।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এদিন সকাল থেকে পল্লবী শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার সামনে কয়েক হাজার শ্রমিক অবস্থান নেন। এ সময় অনেক শ্রমিকের হাতে লাঠিসোঁটা দেখা যায়। পরে শ্রমিকেরা সড়কে নেমে এলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষের কারণে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের ভেতরে অনেক যাত্রী আটকা পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights