ক্যালিফোর্নিয়ার ভোট নিয়ে আইনি লড়াইয়ে বড় ধাক্কা ট্রাম্পের

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অনাগরিকদের ভোট হিসেবে সন্দেহ করা ব্যালট আলাদা করে রাখার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

সোমবার দেওয়া এ আদেশের ফলে অঙ্গরাজ্যের নির্বাচনী কর্মকর্তাদের এসব ব্যালট গণনা বন্ধ রাখার নির্দেশ দিতে পারছে না কেন্দ্রীয় সরকার।

বিচার বিভাগ দাবি করেছিল, ক্যালিফোর্নিয়ার ভোটার তালিকায় প্রায় ২০ হাজার অনাগরিকের নাম রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে গত অক্টোবরের মাঝামাঝি লস অ্যাঞ্জেলেস ও স্যাক্রামেন্টোর নির্বাচনী কর্মকর্তাদের একটি ইউএসবি ড্রাইভে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে যাচাইয়ের নির্দেশ দেয় তারা।

পাশাপাশি নাগরিকত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের ব্যালট আলাদা রাখার দাবি জানানো হয়। কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করলে আইনি বিরোধ শুরু হয়।

সুপ্রিম কোর্ট এ বিষয়ে কোনও ব্যাখ্যা দেয়নি। জরুরি ভিত্তিতে করা আবেদনের ক্ষেত্রে এমনটি প্রচলিত। কোনও বিচারপতি ভিন্নমতও জানাননি।

ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা ও ভোটাধিকার সংগঠনগুলো বিচার বিভাগের তালিকার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির নির্বাচন কর্মকর্তা ডিন লোগান বলেন, তালিকাভুক্ত ব্যক্তিরা ভোট দেওয়ার অযোগ্য- এমন দাবির পক্ষে বিচার বিভাগ কোনও প্রমাণ, তথ্যসূত্র বা পদ্ধতি প্রকাশ করেনি।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এ রায়কে স্বাগত জানিয়েছেন। অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বন্টাও বলেছেন, নির্বাচনে বিঘ্ন ঘটানোর প্রশাসনিক প্রচেষ্টা বন্ধ হওয়া উচিত।

এর আগে গত ২৮ অক্টোবর ফেডারেল জেলা আদালতের বিচারক ডেভিড কার্টার ট্রাম্প প্রশাসনের একই আবেদন নাকচ করেন। পরে আপিল আদালতও প্রশাসনের উদ্যোগ প্রত্যাখ্যান করে। এছাড়া নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়ার বিষয়ে গত শুক্রবার একটি ফেডারেল আদালত নিষেধাজ্ঞা জারি করেন।

ট্রাম্প প্রশাসন অনাগরিকদের ভোট দেওয়ার অভিযোগে তদন্ত ও গ্রেফতার অভিযানও চালাচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে অনাগরিকদের অবৈধ ভোট দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল। সূত্র: দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights