১১৫টি প্রকল্প নিয়ে নেভি অ্যাংকরেজে বিজ্ঞান মেলা
নিজস্ব প্রতিবেদক, খুলনা
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে খুলনা নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয়েছে বিজ্ঞান মেলা। এতে ১১৫টি বিজ্ঞানভিত্তিক প্রকল্প নিয়ে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রতিভার প্রদর্শনীতে মুখর হয়ে ওঠে শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্যাম্পাস।
প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে চারটি গ্রুপে আয়োজিত এ মেলায় শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী ধারণার নানা প্রকল্প প্রদর্শন করা হয়। গত ২ নভেম্বর অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনএফডব্লিউএ খুলনার চেয়ারম্যান আইরিন জাহান চৌধুরী। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জনের পাশাপাশি যশোর শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ২০২৬ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল) এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান (কলেজ) হিসেবে মনোনীত হয়েছেন।
