কান্নার শব্দে আমবাগান থেকে নবজাতক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের একটি আমবাগানে বালুর মধ্য থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার জালমাছমারী-মিয়াপাড়া এলাকার একটি বাগানের পাশ থেকে ফুটফুটে কন্যাশিশুটিকে উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালে রাস্তার পাশে দুই শিশু খেলাধুলা করার সময় বালুর মধ্যে একটি লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় এক নবজাতককে দেখতে পায় এবং শিশুটির কান্নার শব্দ শুনতে পায়। পরে গোলাপ হোসেন নামে এক ব্যক্তি খবর পেয়ে ঘটনাস্থলে এসে বালুর ভেতর থেকে অক্ষত অবস্থায় লুঙ্গিতে মোড়ানো শিশুটিকে উদ্ধার করেন। নবজাতকটিকে উদ্ধারের পর দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছে। বর্তমানে শিশুটিকে উদ্ধারকারী গোলাপ হোসেনের হেফাজতে রাখা হয়েছে। তবে কে বা কারা নবজাতককে ফেলে রেখে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আইনি ও সামাজিক প্রক্রিয়া অনুসরণ করে নবজাতকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights