এবার ব্রহ্মপুত্রের মাঝনদীতে যমজ সন্তানের জন্ম
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের মাঝনদীতে নৌকার মধ্যে এবার যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলায় ব্রহ্মপুত্র নদের মাঝনদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট থেকে একটি নৌকা যাত্রা শুরু করে। সকাল ১০টার দিকে নৌকাটি নদীর মাঝপথে পৌঁছালে এক অন্তঃসত্ত্বা নারীর প্রসববেদনা শুরু হয়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে নৌকার মধ্যেই তিনি যমজ সন্তানের জন্ম দেন। প্রথমে ছেলে ও পরে মেয়ে সন্তানের জন্ম দেন। ওই নারীর স্বামী মনোয়ার হোসেন। তিনি ওই ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের তৈয়ব আলীর ছেলে।
মনোয়ার হোসেন বলেন, অসুস্থ স্ত্রীকে নিয়ে নৌকায় যাওয়ার পথে হঠাৎ প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় কিছুটা দুশ্চিন্তায় পড়ে যাই। পরে নৌকাতেই আমার স্ত্রী যমজ সন্তানের জন্ম দেন। আল্লাহর রহমতে সন্তানদের মুখ দেখতে পেরেছি। তিনি বলেন, আমার এক ছেলে ও মেয়ে জন্ম গ্রহণ করেছে। মা ও শিশুরা সুস্থ আছে। তিনি সবার কাছে দোয়া চান।
নৌকায় থাকা এরেন্ডাবাড়ী এলাকার বাসিন্দা গোলাম রাব্বানি বলেন, হঠাৎ ওই নারীর প্রসববেদনা শুরু হলে নৌকায় থাকা সবাই চিন্তিত হয়ে পড়েন। নদীর মাঝখানে থাকায় দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ ছিল না। পরে নৌকাতেই যমজ সন্তানের জন্ম হয়। পরে মা ও শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ বলেন, মাঝনদীতে নৌকায় যমজ সন্তান জন্মের বিষয়টি জেনেছি। চরাঞ্চলের মানুষের জন্য জরুরি প্রসূতিসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতিতে মা ও নবজাতকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।
এর আগে, গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের কালুরপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদের মাঝনদীতে জন্ম নেয় ফুটফুটে কন্যাসন্তান। পরে শিশুটির নাম রাখা হয় ‘নদী’।
ওই দিন সকালে প্রসববেদনা উঠে ওই এলাকার কৃষক দুলাল মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী আকলিমা আখতারের (৩৫)। স্থানীয় ধাত্রির মাধ্যমে দুপুর পর্যন্ত চলে সন্তান জন্মের চেষ্টা। পরে বিকেল হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। দুর্গম চরাঞ্চল থেকে বালুচরে প্রসূতিকে প্রথমে হেঁটে এবং পরে মাচায় করে নৌঘাটে নিয়ে আসেন স্বজনরা। এ সময় উপজেলার চরাঞ্চলে মাঠপর্যায়ের কাজ শেষে নৌকায় ফিরছিলেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কয়েকজন কর্মী। পরে ওই নৌকায় আকলিমা আখতারকে ওঠানো হয়। এর কিছুক্ষণের মধ্যেই তার প্রসববেদনা বেড়ে গেলে নৌকায় থাকা নারীকর্মী ও স্বজনরা কাপড় দিয়ে চারপাশ আড়াল করে প্রসবের ব্যবস্থা করেন। পরে জন্ম নেয় ফুটফুটে কন্যাসন্তান। শিশুটির নাম রাখা হয় ‘নদী’।
