শ্রমিক আন্দোলনে অরাজকতা সৃষ্টির চেষ্টা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, বিশেষ মহল ও একটি রাজনৈতিক দল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। রাজধানীর মিরপুরে গতকাল টানা তৃতীয় দিনের মতো পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ পরিস্থিতিতে এদিন মিরপুর এলাকা পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন ডিএনসিসি প্রশাসক। পোশাকশ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা কেন রয়েছেন সেই প্রশ্নও তোলেন তিনি। ডিএনসিসি প্রশাসক বলেন, যারা এসব কাজ করছে, তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের অনেকেই রাজনৈতিক দলের পদধারী নেতা। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। শফিকুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক ইস্যু তৈরি করবে, তা হবে না। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ডিসেম্বরে আপাকে (শেখ হাসিনা) নিয়ে আসার চেষ্টা করবে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে-তাদের আইনের আওতায় আনা হবে। কোনো ধরনের অরাজকতা করতে আমরা দেব না।’
