মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন সভাপতি মাহবুবুল, সম্পাদক আনাস
অনলাইন ডেস্ক
মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর (২০২৬–২৭ সেশন) নতুন সভাপতি হিসেবে মাহবুবুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে আনাস বিন মামুন দায়িত্ব গ্রহণ করেছেন।
গত ৩১ অক্টোবর কায়রোতে সংগঠনের বার্ষিক সম্মেলন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই নতুন কমিটি ঘোষণা এবং তাদের শপথবাক্য পাঠ করানো হয়। বিদায়ী সভাপতি নোমানুল করিম আজহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে।
অনুষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর, মাস্টার্স ও এমফিল সম্পন্নকারী কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। নবনির্বাচিত সভাপতি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও ভ্রাতৃত্ব সুদৃঢ় করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, আল-আজহারসহ মিশরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত চার হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থীর কল্যাণ ও ঐক্যের জন্য কাজ করে আসছে ইত্তিহাদ।
