ছড়াচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু

সৈয়দ নোমান, ময়মনসিংহ

ময়মনসিংহে হাসপাতালের বর্জ্যপানি, নদী ও অন্যান্য জলাশয়ের নমুনায় মিলেছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু। একই সঙ্গে প্রাণিসম্পদ খাতে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং নির্ধারিত মাত্রা ও মেয়াদ না মানার প্রবণতা উদ্বেগ বাড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত দুটি গবেষণায় উঠে এসেছে, মানুষের চিকিৎসা ও প্রাণিসম্পদ খাতে অ্যান্টিবায়োটিক ব্যবহারের সঙ্গে পরিবেশে প্রতিরোধী জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হচ্ছে।

চলতি বছরের ২৭ এপ্রিল আন্তর্জাতিক গবেষণা সাময়িকী এনপিজে অ্যান্টিমাইক্রোবিয়ালস অ্যান্ড রেজিস্ট্যান্স-এ প্রকাশিত ‘এনভায়রনমেন্টাল ডিসেমিনেশন অব মাল্টিড্রাগ-রেজিস্ট্যান্ট এসকেরিচিয়া কোলাই অ্যাক্রস ওয়ান হেলথ ইন্টারফেসেস ইন ময়মনসিংহ, বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন উৎসের পানির নমুনায় অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ই-কোলাই শনাক্তের তথ্য উঠে এসেছে। ২০২২ সালের মে মাসে হাসপাতালের বর্জ্যপানি, গবাদি পশু ও পোলট্রি খামারের বর্জ্যপানি, মাছের পুকুর এবং খিরু নদী থেকে ২৮টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে ২৪টি নমুনায় তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন প্রতিরোধী ই-কোলাই এবং পাঁচটিতে কার্বাপেনেম প্রতিরোধী ই-কোলাই পাওয়া যায়।

গবেষণায় ২৬টি জীবাণুর জিনগত বিশ্লেষণে ৯৩ ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জিন শনাক্ত হয়। এর মধ্যে রয়েছে ব্লাসিটিএক্স-এম-১৫, ব্লাএনডিএম-৫, টেট (এ), এএডিএ১। বিশেষ উদ্বেগের বিষয়, হাসপাতালের বর্জ্যপানি এবং খিরু নদীর নমুনায় কার্বাপেনেম প্রতিরোধী জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। হাসপাতালের বর্জ্যপানি ও নদীর দুটি নমুনার জীবাণুর জিনগত বিশ্লেষণে শূন্য এসএনপি পার্থক্যও পাওয়া যায়, যা জীবাণু দুটির অত্যন্ত ঘনিষ্ঠ জিনগত সম্পর্কের ইঙ্গিত দেয়।

গবেষণাটির সংশ্লিষ্ট লেখক ডা. আনিন্দা রহমান জানান, তাদের গবেষণাটি ২০২২ সালের মে মাসে সংগৃহীত নমুনার ওপর পরিচালিত। প্রকল্পের আওতায় ২০২৫ বা ২০২৬ সালে নতুন করে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়নি। ফলে বর্তমান পরিস্থিতি বা সময়ের সঙ্গে প্রতিরোধী জীবাণুর বিস্তারের প্রবণতা সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে নতুন গবেষণা প্রয়োজন। তাঁর মতে, হাসপাতালের অপরিশোধিত বা আংশিক পরিশোধিত বর্জ্যপানি নালা দিয়ে খিরু নদীতে মিশে যাওয়ার মাধ্যমে প্রতিরোধী জীবাণু পরিবেশে ছড়িয়ে পড়তে পারে। নদীর পানি গোসল, গৃহস্থালি কাজ, মাছ ধরা ও সেচে ব্যবহৃত হওয়ায় সরাসরি কিংবা খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানুষের সংস্পর্শে এসব জীবাণু আসার ঝুঁকি রয়েছে।

ডা. আনিন্দা রহমানের মতে, গবেষণায় পাওয়া ব্লাএনডিএম-৫ জিনটি বিশেষভাবে উদ্বেগজনক। কারণ এটি কার্বাপেনেম শ্রেণির অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। জটিল সংক্রমণের চিকিৎসায় কার্বাপেনেম অনেক ক্ষেত্রে শেষ ভরসার অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়া ব্লাসিটিএক্স-এম-১৫ জিন তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন এবং এমপিএইচ(এ) জিন ম্যাক্রোলাইড শ্রেণির অ্যান্টিবায়োটিক প্রতিরোধের সঙ্গে সম্পর্কিত। এ পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের বর্জ্য শোধনাগার সচল রাখা, খামারের বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা এবং পরিবেশে নিয়মিত জীবাণু নজরদারির ওপর গুরুত্ব দেন তিনি। অন্যদিকে চলতি বছরের জুনে ‘জার্নাল অব গ্লোবাল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’-এ প্রকাশিত ময়মনসিংহ অঞ্চলের খামারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ওপর আরেক গবেষণায় উঠে এসেছে আরও উদ্বেগজনক চিত্র। গবেষণায় ১০১ জন খামারি, ১০৪ জন ওষুধ বিক্রেতা এবং পশু চিকিৎসাকেন্দ্রের ৩৩০টি ব্যবস্থাপত্র বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ৯১ দশমিক ৪ শতাংশ ওষুধ বিক্রেতা কখনো কখনো প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রি করেন। ৯৩ দশমিক ৩ শতাংশ দোকানে ওষুধ বিক্রির নিয়মিত রেকর্ড সংরক্ষণ করা হয় না। খামারিদের মধ্যে ২০ দশমিক ৮ শতাংশ জানেন না, অ্যান্টিবায়োটিক প্রয়োগের পর মাংস বা দুধ বাজারজাতের আগে কত দিন অপেক্ষা করতে হয়।

গবেষণায় খামারিদের ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের মধ্যে অ্যামোক্সিসিলিনের হার ৩১ দশমিক ৭ শতাংশ এবং এনরোফ্লক্সাসিনের হার ২০ দশমিক ৮ শতাংশ পাওয়া যায়। অন্যদিকে ওষুধ বিক্রেতাদের বিক্রির তালিকায় সেফট্রিয়াক্সোন ২৬ শতাংশ এবং অ্যামোক্সিসিলিন ১৮ দশমিক ৩ শতাংশ। গবেষণায় ২৭ ধরনের অ্যান্টিবায়োটিক বিশ্লেষণ করা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান বলেন, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ভুল মাত্রায় ওষুধ প্রয়োগ এবং চিকিৎসার নির্ধারিত মেয়াদ অনুসরণ না করায় জীবাণুর মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরির ঝুঁকি বাড়ে। এসব জীবাণু প্রাণী থেকে মানুষে এবং খামারের বর্জ্য, মাটি ও পানির মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়তে পারে। অ্যান্টিবায়োটিক প্রয়োগের পর মাংস ও দুধ বাজারজাতের আগে নির্ধারিত নিরাপদ বিরতিকাল না মানলেও খাদ্যে ওষুধের অবশিষ্টাংশ থাকার আশঙ্কা থাকে। এ সমস্যা মোকাবিলায় প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি বন্ধ, নিবন্ধিত পশু চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক প্রয়োগ, খামারে ওষুধ ব্যবহারের রেকর্ড সংরক্ষণ এবং নিয়মিত নজরদারি জরুরি। তিনি আরও বলেন, গবেষণার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে কি না, তা নিশ্চিত হতে নতুন করে জরিপ ও নমুনা পরীক্ষা প্রয়োজন। এককালীন গবেষণার পরিবর্তে দীর্ঘমেয়াদি নজরদারি ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights