জেডি ভ্যান্সকে কোণঠাসা করে ট্রাম্প কেন বলছেন ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই?
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যাকে বিশ্লেষকেরা ‘যুদ্ধও নেই, শান্তিও নেই’ পরিস্থিতি বলে আখ্যায়িত করছেন। এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মধ্যস্থতাকারী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বলেছেন, ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই।
শুক্রবার ভোরে বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর একটি আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থায় ইরানের হামলার দাবির কয়েক ঘণ্টা আগে ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে জানান, তিনি ভ্যান্সকে মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে চলা ব্যাপক দুর্নীতি ও অপরাধের দিকে পুরোপুরি মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির দরকার নেই। সেই দিন অনেক আগেই পার হয়ে গেছে। আমরা তাদের শত শত বিলিয়ন ডলার এবং তাদের প্রণালি (হরমুজ প্রণালি) নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছি।
জেডি ভ্যান্স ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার একজন পরিচিত সমালোচক। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকানদের হারের জন্য তিনি ট্রাম্পের সামরিক হামলা এবং এর জেরে যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া জ্বালানি সংকট ও মূল্যস্ফীতিকে দায়ী করেছেন। তিনি এর আগে এপ্রিলে ইসলামাবাদে মার্কিন মধ্যস্থতার নেতৃত্ব দেন এবং জুনে ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে ভূমিকা রাখেন। তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের বোঝাপড়ার ঘাটতির কারণে চুক্তিটি দ্রুত ভেঙে যায়।
বিশ্লেষকদের মতে, ভ্যান্সের এ অবস্থান মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান নীতি থেকে নিজেকে দূরে রাখার একটি কৌশল। বিশেষ করে যখন ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমানে রেকর্ড তলানিতে এসে ঠেকেছে। গত জুন মাসে ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনে ট্রাম্প প্রকাশ্যে সাংবাদিকদের বলেছিলেন, যদি চুক্তি সফল হয়, তবে এর কৃতিত্ব আমি নেব। আর যদি ব্যর্থ হয়, তবে ভ্যান্সকে দায়ী করব। তোমার সতর্ক থাকা উচিত, জেডি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার সময় বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ নৌ-মাইন বা ইরানি সামরিক বাহিনীর হামলার শিকার হয়েছে। ইরান গত ১২ দিনে অন্তত ১২টি ট্যাংকারে হামলার দাবি করেছে। তবে ট্রাম্প এখনো দাবি করছেন , এই গুরুত্বপূর্ণ জলপথ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই রয়েছে।
এদিকে, এই সংঘাত কোন দিকে এগোচ্ছে, তা এখনো অস্পষ্ট। বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলো তাকে ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছে। তবে তিনি এটাও দাবি করেন যে, চাইলে তিন দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।
অন্যদিকে, ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে, উপযুক্ত সময়ে ভৌগোলিক সীমানা পেরিয়ে শত্রুদের ওপর হামলা চালানোর নির্দেশ বাস্তবায়ন করা হবে।
সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ জানিয়েছেন, হরমুজ প্রণালি আর কখনো যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। তিনি বলেন, কাতার মাধ্যমে যুদ্ধবিরতি ও প্রণালি পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে তেহরান একটি প্রস্তাব ওয়াশিংটনে পাঠিয়েছে, যেখানে সাতটি শর্ত দেওয়া হয়েছে। এখন তারা যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। গালিবাফ বলেন, ‘বল এখন আমেরিকার কোর্টে।’
