তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
অনলাইন ডেস্ক
তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদেশটির সামানকয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল এস-৭০ মডেলের। মালাতিয়া শহরের দক্ষিণ উপকণ্ঠে সামানকয় এলাকায় এটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী ও চিকিৎসক দল পাঠানো হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটিতে থাকা চার সেনাসদস্যের কেউই প্রাণে বাঁচেননি।
কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এ ঘটনায় নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তুর্কি সশস্ত্র বাহিনী ও দেশবাসীর প্রতিও সমবেদনা জানিয়েছে তারা। তথ্যসূত্র : রয়টার্স ও দ্য মিরর।
