দেশে ডায়াবেটিসে আক্রান্ত ১ কোটি ৩৯ লাখ, খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তার দাবি

অনলাইন ডেস্ক
দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৩৯ লাখ। তাঁদের একটি বড় অংশ জানেনই না যে তাঁরা এ রোগে আক্রান্ত। এমন পরিস্থিতিতে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার সম্পর্কে ভোক্তাদের সচেতন করতে খাদ্যপণ্যের প্যাকেটের সামনের অংশে বাধ্যতামূলক সতর্কবার্তা চালুর দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় প্রতিষ্ঠানটি। আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’।

বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য তুলে ধরে বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। তাঁদের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশই জানতেন না যে তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত। ওই বছর দেশে ডায়াবেটিস-সম্পর্কিত স্বাস্থ্যব্যয় ছিল প্রায় ১২ হাজার কোটি টাকা।

প্রজ্ঞার মতে, দেশে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার বাড়ছে। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের প্রায় ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্যাকেটজাত খাবার গ্রহণ করেন। এসব খাবারের অনেকগুলোতে চিনি, লবণ ও চর্বির পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সীমার চেয়ে বেশি।

প্রতিষ্ঠানটি জানায়, খাদ্যপণ্যের প্যাকেটের সামনের অংশে সতর্কবার্তা বা ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) চালু হলে ভোক্তারা সহজেই খাবারে থাকা ক্ষতিকর উপাদান সম্পর্কে জানতে পারবেন। ফলে খাবার নির্বাচনের ক্ষেত্রে তাঁরা সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন।

এ পরিস্থিতিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’-এর খসড়া দ্রুত চূড়ান্ত করার দাবি জানিয়েছে প্রজ্ঞা।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের বলেন, ‘ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপের অংশ হিসেবে খাদ্যপণ্যে মাত্রাতিরিক্ত চিনি ও অন্যান্য স্বাস্থ্যক্ষতিকর উপকরণ সম্পর্কে জানা ভোক্তার অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে খাদ্যপ্যাকেটের সামনে সতর্কবার্তা চালু করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights