রিকশাচালক থেকে শিক্ষার্থী-রাজমিস্ত্রি: যেভাবে নিতে পারবেন ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ

অনলাইন ডেস্ক

জামানত ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে ব্যাংকঋণ থেকে বঞ্চিত ক্ষুদ্র উদ্যোক্তা, শিক্ষার্থী এবং স্বল্প আয়ের প্রান্তিক পেশাজীবীদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের আওতায় ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ১০ লাখ এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এতে সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ এবং ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানতের প্রয়োজন হবে না। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো ওই নির্দেশনায় ঋণের যোগ্যতা, পরিমাণ, সুদের হার ও বিতরণ প্রক্রিয়া বিস্তারিতভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে জীবনমান উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নীতিমালা অনুযায়ী, এই তহবিল থেকে ব্যাংকগুলো ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এই স্কিমের আওতায় ঋণ দিতে পারবে, তবে তাদের মুনাফার হারও বার্ষিক ৭ শতাংশের বেশি হতে পারবে না। ঋণ পরিশোধে সর্বোচ্চ ৫ বছর বা ৬০ মাস সময় পাওয়া যাবে, যার মধ্যে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি থাকবে। গ্রাহক পর্যায়ে ঋণের কিস্তি মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বার্ষিক ভিত্তিতে নির্ধারণ করা যাবে। এ ছাড়া ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না।

প্রজ্ঞাপনে ঋণের ক্ষেত্রে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শ্রেণি-পেশার মানুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন রিকশাচালক, ভ্যানচালক, জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিক। এ ছাড়া মুদি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ও খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, ফুল-ফল ও শাকসবজি বিক্রেতা, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মোবাইল ব্যাংকিং এজেন্ট এবং ফ্রিল্যান্সিং, নার্সারি, কুটির ও হস্তশিল্পের মতো উদ্ভাবনী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরাও ঋণ পাবেন।

কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা অগ্রাধিকার পাবেন, তবে স্মার্ট কার্ড না থাকলেও প্রকৃত প্রান্তিক কৃষকেরা যেন বঞ্চিত না হন সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকতে বলা হয়েছে। পাশাপাশি নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, উপকূলীয় ও হাওর এলাকার বাসিন্দা, প্রবাসী কর্মী ও রেমিট্যান্স সুবিধাভোগী পরিবার এবং বিশেষ চাহিদাসম্পন্ন ও তৃতীয় লিঙ্গের মানুষও অগ্রাধিকার পাবেন। তহবিলের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

শিক্ষার্থীদের জন্যও এই স্কিমে বিশেষ সুযোগ রাখা হয়েছে। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ নিতে পারবেন। পাশাপাশি এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া হবে। উভয় ক্ষেত্রেই অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে।

ঋণ গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, একজন একক উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাবেন। তবে দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করলে দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা (সদস্যপ্রতি সর্বোচ্চ ৮ লাখ টাকা) পর্যন্ত ঋণ নেওয়া যাবে, যেখানে সদস্যরা ব্যক্তিগত ও যৌথভাবে দায়বদ্ধ থাকবেন। ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ বা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। ব্যাংকগুলো নিজেদের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই ঋণ বিতরণ করতে পারবে। তবে নির্ধারিত চার্জের বাইরে প্রসেসিং ফি বাবদ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না এবং প্রতি তিন মাস পরপর ঋণের তদারকি প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights