শিল্পনগরী রূপে ফিরছে খুলনা
খুলনাকে বলা হয় শিল্প নগরী। এক সময় কলের শব্দে ঘুম ভাঙত নগরবাসীর। কিন্তু বগত কয়েক দশক ধরে ধারাবাহিক অবহেলা-বঞ্চনার শিকার শিল্পনগরী খুলনা এখন ‘শিল্পহীন নগরী’তে পরিণত হয়েছে। ২০২০ সালে দৌলতপুর-খালিশপুরে ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টারসহ রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধ করে দেওয়া হয়। ফলে গত ৭ বছর ধরে এই অঞ্চলের হাজার হাজার শ্রমিক কর্মহীন ও মানবেতর জীবনযাপন করছেন।
তবে সাম্প্রতিক সময়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জনপদে আশার সঞ্চার হতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা-বাগেরহাট সফরের পর থমকে থাকা নানা উন্নয়ন প্রকল্প গতি পেয়েছে। মোংলা বন্দরে প্রায় ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নতুন কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক সুবিধা সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে বন্দরকেন্দ্রিক কার্যক্রমে নতুন গতি এসেছে। এ ছাড়া মোংলায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ও সুন্দরবনভিত্তিক পর্যটন শিল্পের বিকাশে বিনিয়োগ বৃদ্ধিতে নতুন পরিকল্পনা সাজানো হচ্ছে। সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, বন্ধ থাকা সব শিল্পকারখানা পুনরায় চালুকরণ এবং খুলনা ও মোংলায় নতুন কলকারখানা নির্মাণের কথা বলেছেন প্রধানমন্ত্রী। এতে এ অঞ্চলের তরুণদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং খুলনা তার হারানো গৌরব ফিরে পাবে। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে কচ্ছপগতিতে চলা খুলনা বিমানবন্দর প্রকল্প বাস্তবায়নেও নতুন মোড় এসেছে। চীনা প্রতিনিধিদল গত ২৫ জুলাই প্রকল্প এলাকাটি পরিদর্শন করায় বিমানবন্দরটি চালুর বিষয়ে নতুন আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি, ভোলার গ্যাস বরিশাল হয়ে পাইপলাইনে খুলনায় নিয়ে আসার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বরিশাল-খুলনা অংশে ১০৫ কিলোমিটার পাইপলাইনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৫০০ কোটি টাকা। খুলনা নাগরিক ফোরামের সদস্য সচিব এস এম ইকবাল হাসান তুহিন মনে করেন, পাইপলাইনের গ্যাস সরবরাহ শুরু হলে শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন ব্যয় বহু গুণ কমে যাবে, যা নতুন শিল্প গড়ে তুলতে জোরালো ভূমিকা রাখবে।
জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেন, সরকারের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে খুলনার বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পুনরায় সচল করে কর্মসংস্থান নিশ্চিত করা। অন্যদিকে, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম উল্লেখ করেছেন যে, কোনো অঞ্চলকে পেছনে ফেলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়; তাই মোংলা বন্দরকে কেন্দ্র করে এ অঞ্চলে ব্যবসাবাণিজ্য, আমদানি-রপ্তানি ও অবকাঠামোগত ব্যাপক প্রসার ঘটানো হবে।
