অভিযানের পরও মাদকের ছড়াছড়ি
নিজস্ব প্রতিবেদক
মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদক জব্দের পরও নিয়ন্ত্রণে আসছে না মাদক বাণিজ্য। বরং কারবারিরা বদলে ফেলছে ব্যবসার কৌশল। নির্দিষ্ট স্পটের পরিবর্তে এখন সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট ও ই-কমার্স প্ল্যাটফর্মে চলছে মাদক কেনাবেচা।
অনলাইনে অর্ডার নিয়ে ক্রেতার বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে ইয়াবা, হেরোইন, গাঁজা ও আইস। কোনো কোনো ক্ষেত্রে সাধারণ পণ্য সরবরাহের আড়ালেও মাদক পৌঁছে দেওয়ার ঘটনা ধরা পড়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পরিসংখ্যানেও অভিযানের ব্যাপকতা দেখা যায়। তাদের বুলেটিনের তথ্যানুযায়ী, সেপ্টেম্বর মাসে সারা দেশে ৯ হাজার ২৩৬টি অভিযান চালিয়েছে সংস্থাটি। এসব অভিযানে ৩ হাজার ১১৮টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৩ হাজার ২৬৬ জনকে। এক মাসে প্রায় ৫ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ হয়েছে। এ ছাড়া উদ্ধার হয়েছে প্রায় ৪২৩ কেজি গাঁজা। বড় ইয়াবা চালানগুলো ধরা পড়েছে মূলত কক্সবাজার ও চট্টগ্রামে। একই সময়ে সরকারি ও বেসরকারি নিরাময় কেন্দ্রে ৩ হাজার ৬৪৮ জন মাদকাসক্ত চিকিৎসা নিয়েছেন। রাসায়নিক পরীক্ষাগারে ২ হাজার ৮১৫টি মামলার নমুনা পরীক্ষা হয়েছে। তবে অভিযানের পাশাপাশি মাদক কারবারের নতুন ডিজিটাল নেটওয়ার্কও সামনে আসছে। সূত্র জানায়, ফেসবুক ও টেলিগ্রামের অন্তত ২০টি প্রকাশ্য মাদক বিক্রির গ্রুপ রয়েছে। এসব গ্রুপের সদস্যসংখ্যা ১ হাজার থেকে ১০ হাজারের বেশি।
অনলাইন কেনাবেচার পাশাপাশি ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহারের ঘটনাও সামনে এসেছে। গত ১৮ আগস্ট দারাজে ‘সিবিডি অয়েল’ নামে টিএইচসি বিক্রি করছিলেন আনিসুর রহমান নামে এক ব্যক্তি। ডিএনসির কর্মকর্তারা ক্রেতা সেজে নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষায় মাদক শনাক্ত করেন। পরে বাড্ডার সাঁতারকুলের একটি বাসায় অভিযান চালিয়ে ৬২০ মিলিলিটার টিএইচসি জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা। গত পাঁচ বছরে দারাজের মাধ্যমে প্রায় ৪০৫ বোতল টিএইচসি বিক্রির তথ্য পেয়েছেন ডিএনসি কর্মকর্তারা।
গত ১৮ অক্টোবর রাজধানীর ভাটারার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে ওয়েবসাইট ও গোপন টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে মাদক বিক্রির চক্রের তথ্য উঠে আসে। ডিএনসির কর্মকর্তাদের দাবি, ওই চক্রের টেলিগ্রাম গ্রুপে অন্তত ২৫০ শিক্ষার্থী যুক্ত ছিলেন।
ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (গোয়েন্দা) মেহেদী হাসান জানান, অনলাইন মাদক কারবার ঠেকাতে নজরদারি অব্যাহত আছে। গত ছয় মাসে অনলাইন মাদক বিক্রির অভিযোগে অন্তত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশোধিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিজিটাল মাধ্যমে মাদক কেনাবেচা ও বিজ্ঞাপন প্রচারকে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ আইনে তিনটির বেশি মামলাও হয়েছে।
এদিকে চলতি বছরের গত নয় মাসে রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ৬৮০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ৩ হাজার ২৫টি। এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, হেরোইন ও ফেনসিডিল জব্দ করা হয়েছে।
জানা যায়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডিএমপির অভিযানে ১৮ লাখ ৩৪ হাজার ৬৪টি ইয়াবা, ৬ হাজার ২৯৪ কেজি গাঁজা, ১৯ কেজি হেরোইন ও ৭ হাজার ৫৫৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
অন্যদিকে, ঢাকা মহানগরীর ৫০টি থানায় সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত অভিযানে একই সময়ে ৪ হাজার ৪৯৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৬ হাজার ৪৫৮ জন। এই হিসাবের মধ্যে পুলিশ, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানও রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং অপরাধ বিশেষজ্ঞ ড. মো. তৌহিদুল হক বলেন, মাদকবিরোধী অভিযান ও বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পরও রাজধানীতে মাদক কারবারের বিস্তার নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে মাদক বিক্রি এবং বাসায় বাসায় সরবরাহের নতুন কৌশল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করছে।
