১০০ ঝুঁকিপূর্ণ স্থান, ঝরছে প্রাণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঢাকা থেকে হাটিকুমরুল পর্যন্ত মহাসড়কের আলাদা লেনে চালকরা যথেষ্ট গতি ও স্বস্তিতে ছুটতে পারেন। কিন্তু উত্তরাঞ্চলে পৌঁছাতেই ভিন্ন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাঁদের। নাটোর হয়ে খুলনা অথবা সোনামসজিদ বন্দর মহাসড়কে লেন আলাদা নয়। সরু সড়কে অসংখ্য বাঁক পেরিয়ে বেপরোয়া গতিতে যান চালানোয় প্রায়ই ঘটছে মুখোমুখি সংঘর্ষ, ঝরছে প্রাণ। নাটোর-খুলনা-রাজশাহী মহাসড়কে ১০০টি ঝুঁকিপূর্ণ স্থান ও বাঁক শনাক্ত হয়েছে, যেখানে প্রায়ই দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে। ঢাকা বিভাগের ঠিক পরেই রাজশাহীতে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানির হার। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাম্প্রতিক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। নাটোরের বড়াইগ্রামে ২০১৪ সালের ২০ অক্টোবর সড়ক দুর্ঘটনায় ৩৮ ব্যক্তি মারা যায়। ঠিক এক যুগ পর একই দিনে বড়াইগ্রামেই বালুর ট্রাকে বাসের ধাক্কায় ১৪ জন নিহত হয়। ২০২১ সালে নাটোর-রাজশাহী মহাসড়কের কাটাখালীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হয়। একই সড়কে পুঠিয়ার ঝলমলিয়া বাজারে বালুবাহী ট্রাক উল্টে প্রাণ হারায় চারজন। পাবিপ্রবির একদল গবেষক চলতি বছরের এপ্রিলে গবেষণাটি পরিচালনা করেন। এতে তাঁরা খুলনা-রাজশাহীর ২৬৯ কিলোমিটার মহাসড়কের দুর্ঘটনাপ্রবণতা, কারণ বিশ্লেষণ এবং ১০০টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেন। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয় বড়াইগ্রাম, দাসুড়িয়া, বনপাড়া, ঝলমলিয়া, পুঠিয়া ও কাটাখালী। রাজশাহী জেলায় বারবার দুর্ঘটনা ঘটে এমন ৪৩টি হটস্পট চিহ্নিত হয়। গবেষণার তথ্য বলছে, ২০২৪ সালে রাজশাহী বিভাগে প্রতি ১০০টি দুর্ঘটনায় অন্তত ৯৮ জনের মৃত্যু হয়েছে, যা ঢাকার পর সবচেয়ে বেশি। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, ২০২৫ সালে এ বিভাগে শুধু জাতীয় মহাসড়কে দুর্ঘটনায় ৯৮০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত ৪২০টি দুর্ঘটনায় মারা গেছে ৩৭০ জন।

সংশ্লিষ্টরা বলছেন, হাটিকুমরুল ইন্টারচেঞ্জ থেকে নাটোরের বনপাড়া ব্যস্ততম সড়ক। উত্তরাঞ্চলের হাজারো যানবাহন ছুটে চললেও প্রশস্ত হয়নি এ সড়ক। এটির ৩১ কিলোমিটারে ২৫টি বাঁক। নাটোর-রাজশাহী মহাসড়কের বনপাড়া থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত ৫০টি ঝুঁকিপূর্ণ বাঁক। রাজশাহী-নওগাঁ মহাসড়ক, কাশিয়াডাঙ্গা-আমনুরা, খড়খড়ি-বাগমারা, পুঠিয়া-বাঘা সড়কে অন্তত ৪৬টি বাঁক। এসব বাঁকে প্রায়ই ঘটছে মুখোমুখি সংঘর্ষসহ প্রাণঘাতী দুর্ঘটনা। নিরাপদ সড়ক আন্দোলন রাজশাহীর সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ জানান, দুর্ঘটনার প্রধান কারণ বেপরোয়া গতি। এ ছাড়া সরু সড়কে বিপজ্জনক বাঁক, ড্রাইভিং জ্ঞানের ঘাটতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ক্লান্ত ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ফিটনেসবিহীন যান, ধীরগতির তিন চাকার যানের অবাধ চলাচল এবং সচেতনতার অভাবে প্রতিনিয়ত ঝরছে প্রাণ। এদিকে রাজশাহীসহ উত্তরাঞ্চলের মহাসড়কগুলোয় দুর্ঘটনার ঝুঁকি কমাতে গবেষক দলটি ১০ দফা সুপারিশ করেছে বলে জানিয়েছেন পাবিপ্রবির অধ্যাপক আবু নায়েম মো. কায়েস। তাঁদের সুপারিশগুলোর মধ্যে রয়েছে দুর্ঘটনাপ্রবণ স্থানে গতি নিয়ন্ত্রণ, পথচারীদের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ, সরু সড়ক প্রশস্তকরণ, সাইকেল ও পথচারীদের আলাদা লেন, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন, স্কুল ও বাজার এলাকায় বিশেষ নিরাপত্তা, আবাসিক ও বাণিজ্যিক এলাকায় গতিসীমা কমানো, বিদ্যমান সড়ক নিরাপত্তা নীতিমালা সংশোধন ইত্যাদি। সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী (সড়ক বিভাগ, রাজশাহী) আহসান হাবীব জানান, মহাসড়কে প্রাণহানি কমাতে সড়ক বিভাগ রোড সেফটি প্রকল্পের আওতায় সাইন-সিগন্যাল, রোড মার্কিং, চালকদের প্রশিক্ষণ, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, আধুনিক নিরাপত্তাপ্রযুক্তি ও ট্রাফিক আইন বাস্তবায়নে জোর দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights