পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি সরকারি দলের, বিরোধীদের অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে গতকাল একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কমিটিতে থাকা বিরোধী দল জামায়াতের এমপি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন বরিশাল-৩ আসনের এমপি জয়নুল আবেদিন। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদের হুইপ রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনের অংশ হিসেবে ফুড প্যাট্রল, মোবাইল প্যাট্রল ও হোন্ডা মোবাইলসহ পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানসমূহে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অগ্রিম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সতর্কতা হিসেবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে।

বৈঠকে জামায়াতদলীয় এমপি নূরুল ইসলাম বলেন, ঢাকা সিটিতে বড় বড় ঘটনা ও রাড্ডার ঘটনা সংঘটিত হওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো জোরালো পদক্ষেপ দেখা যায়নি। বিমানবন্দরে একটি ঘটনাকে কেন্দ্র করে সাবেক সংসদ-সদস্য এবং সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির বিষয় নিয়ে আলোচনা না করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামগ্রিকভাবে আলোচনা করা প্রয়োজন। বেড়েছে ধর্ষণ ও নারী নির্যাতন, কমেছে হত্যা-ডাকাতি : বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিল অফিসার ২০২৫ সাল থেকে ২০২৬ সালের (জানুয়ারি-সেপ্টেম্বর) পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চিত্র কমিটিকে অবহিত করেন। তিনি কমিটিকে জানান, উল্লিখিত সময়ের মধ্যে ডাকাতি ৫৩৮ থেকে কমে ৩৮৭, দস্যুতা ১৪৮৩ থেকে কমে ১৩৭৪, খুন ২৬১৩ থেকে কমে ২৬০৯, দ্রুত বিচার মামলা ৭৩৪ থেকে কমে ৫৯৫, দাঙ্গা ৬২ থেকে কমে ১৭, নারী নির্যাতন ১০৮৪টি কম এবং শিশু নির্যাতনের ঘটনা হ্রাস পেয়েছে। তবে সিঁধেল চুরি, সাধারণ চুরি, মাদক মামলা ১৪,২২৬টি বৃদ্ধি, চোরাচালান এবং মোট জুয়াজনিত মামলা ১৩,৭৯০টি বৃদ্ধি পেয়েছে। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এই সময়ে হত্যা-ডাকাতি কমলেও ধর্ষণ ও নারী নির্যাতনের পরিমাণ কিছুটা বেড়েছে। তবে জুলাই থেকে সেপ্টেম্বর সময়ের মধ্যে ৫৫৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪,৫৭৩টি গুলি, ৪,৫৭৫টি কার্তুজ উদ্ধার এবং ৬৬৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই তিন মাসে ৩৩ লাখের বেশি ইয়াবা ও ১৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে এবং মাসে গড়ে ২ হাজারেরও বেশি মাদকসংক্রান্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights