রোজা উপলক্ষে ফল আমদানিতে বড় শুল্ক ছাড়

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি মেয়াদে নির্ধারিত কোডভুক্ত অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আগে প্রতি মাসে রিটার্ন দিতে হতো। এই ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এটি প্রতি তিন মাসে একবার দেওয়ার নতুন বিধান করা হয়। এখন আইনটির খসড়ায় সংশোধন করে আবারও পুরোনো নিয়ম পুনর্বহাল করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, তিন মাসের বিধান করায় মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা-৬৪ সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। ওই সময়ে সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের উদ্দেশ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইনের খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে (আইনি যাচাই) মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights