জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের মতো মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হবে না বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রবিবার জাতীয় সংসদ অধিবেশনে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী পয়েন্ট অব অর্ডারে জিয়াউল আহসানকে গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান।
রুশদী সংসদে জানান, অসংখ্য গুম, খুনের অভিযোগে অভিযুক্ত জিয়াউল আহসান কারাগারে আছে এবং তার বিচার চলমান রয়েছে। তার অঙ্গভঙ্গি এবং ওদ্ধত্যপূর্ণ আচরণ যেটাতে মনে হচ্ছিল সে কোনো আনন্দ ভ্রমণে বের হয়েছে এবং পুলিশ যারা ছিল মনে হচ্ছে তার প্রটোকল হিসেবে যাচ্ছে।
এই সংসদ সদস্যের স্বামী বিএনপি নেতা ইলিয়াস আলীও গুমের শিকার হয়েছেন এবং জিয়াউল আহসানের বিরুদ্ধে তাকে গুমের অভিযোগ রয়েছে।
তাহসীনা রুশদী বলেন, ‘একজন এরকম অপরাধীকে বিনা হাতকড়ায়, যে হাতকড়া পরতে সে অস্বীকৃতি জানিয়েছে সেই হাতকড়া না পরিয়ে, ডান্ডাবেড়ি না পরিয়ে তাকে এইভাবে নিয়ে যাওয়াতে আমরা মর্মাহত হই। আমার মতো বহু পরিবার এতে অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কিত যে, সরকার কি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তার প্রতি কি কোনো মানবিকতা দেখাচ্ছে, আমি আইনমন্ত্রীর কাছে এর ব্যাখ্যা চাই।’
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানান, ‘এটি নিক্তির পর্যায়ে পয়েন্ট অব অর্ডারে পড়ে না। তবে এটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করায় আইনমন্ত্রীকে চাইলে উত্তর দিতে কিংবা নোটিশ চাইতে পারেন।’
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় হাজিরা দেওয়ার জন্য কারাগার থেকে নেওয়ার ছবি বা ভিডিও তার নজরেও এসেছে।
তিনি জানান, ‘যখন তাকে আদালত পর্যন্ত পৌঁছানো হয় সেটা আইনমন্ত্রীর জুরিসডিকশনে পড়ে না। তারপরও যখন আমাদের দৃষ্টিতে এটা এসেছে এবং এরপরে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে, একজন নটোরিয়াস ক্রিমিনালকে যেভাবে নিয়ে যাওয়া প্রয়োজন সেভাবে ফেরত পাঠানো হয়েছে। এরপর থেকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না আদালত প্রাঙ্গণে, সেটার নিশ্চয়তা দিচ্ছি।’
চব্বিশের গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়েও আশ্বস্ত করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
