ঠাকুরগাঁও সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির
ঠাকুরগাঁও প্রতিনিধি
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান জোরদার করেছে বাহিনীটি।
সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মাইকিং, মসজিদ ও জনসমাগমস্থলে সচেতনতামূলক সভা এবং বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে নজরদারি বাড়ানো হয়েছে।
রাতের অন্ধকারে সীমান্ত পর্যবেক্ষণ কার্যক্রম আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।
রবিবার এসব তথ্য জানান ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।
তিনি বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা অনুপ্রবেশের চেষ্টা বরদাশত করা হবে না। কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। অবৈধভাবে কেউ যেন দেশে প্রবেশ বা দেশত্যাগ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তের প্রতিটি স্পর্শকাতর এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল কিংবা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর আহ্বান জানান তিনি।
দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী মানুষের জানমালের সুরক্ষায় ৫০ বিজিবির কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
