যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষায় থাকবে না ইরান, আগাম আক্রমণের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কার মধ্যে ওয়াশিংটনকে কঠোর বার্তা দিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথম হামলার অপেক্ষায় বসে থাকবে না তার দেশ। বরং সম্ভাব্য হামলার পরিস্থিতিতে আগেই সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

রবিবার রাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ঘারিবাবাদি। তিনি স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্র প্রথমে আঘাত হানবে, এরপর ইরান প্রতিক্রিয়া দেখাবে—এমন কোনো কৌশল অনুসরণ করবে না তেহরান। ইরানের এই উপপররাষ্ট্রমন্ত্রীর আশঙ্কা, কূটনৈতিক আলোচনার কথা বলে সময়ক্ষেপণ করতে পারে ওয়াশিংটন। এর আড়ালে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

ঘারিবাবাদি আরও বলেন, ইরানের নির্ধারিত শর্ত পূরণ এবং যুদ্ধের স্থায়ী অবসানের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে প্রয়োজনীয় নিশ্চয়তা দিতে হবে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অসৎ মনোভাবের অভিযোগও তুলেছেন ইরানের এই কর্মকর্তা। তার দাবি, গত দেড় বছরে অন্তত তিনবার এমন আচরণের পরিচয় দিয়েছে ওয়াশিংটন।

এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়তে থাকায় দুই দেশের মধ্যকার নাজুক কূটনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের স্ট্রাইক গ্রুপ। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন আরও দুটি বিমানবাহী রণতরীর সঙ্গে নতুন এই স্ট্রাইক গ্রুপ যুক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights