৫৫১ উদ্যোক্তার মাঝে বিসিকের ১৪ কোটি টাকা ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

অনলাইন প্রতিবেদক
দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে ৫১১ জন উদ্যোক্তার মাঝে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

সোমবার (১৬ নভেম্বর) বিসিক ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

এ উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) অবদান আরও বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। আয়বৈষম্য কমানো, সুষম অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে এ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিসিক ও এসএমই খাতকে আরও শক্তিশালী করার মাধ্যমে দেশব্যাপী উদ্যোক্তা সৃষ্টি ও বিকাশে কার্যকর উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ২২ লাখ মানুষ কর্মক্ষম বয়সে প্রবেশ করছে। এসব মানুষের কর্মসংস্থান কেবল বৃহৎ শিল্প কিংবা তথ্যপ্রযুক্তি খাতের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব নয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। একজন উদ্যোক্তা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরও বহু মানুষের জীবিকার ব্যবস্থা করতে পারেন। এর মাধ্যমে বহু পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয়।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান বর্তমানে প্রায় এক-চতুর্থাংশ। এ অবদান আরও বাড়িয়ে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করতে হবে। এতে অর্থনীতিতে আয়ের সুষম প্রবাহ নিশ্চিত হবে এবং অর্থনৈতিক বৈষম্য কমবে।

ঋণ কার্যক্রম প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে জেলা পর্যায়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়ে থাকে এবং জামানতবিহীন ঋণের সীমা দুই লাখ টাকা পর্যন্ত। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ ঋণের পরিমাণ আরও বাড়ানোর সুযোগ রয়েছে। বিষয়টি পর্যালোচনা করে জামানতবিহীন ঋণের সীমা বৃদ্ধি এবং বিসিকের ঋণ অনুমোদনের ক্ষমতা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে। তিনি জানান, এ ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি, যা ঋণগ্রহীতাদের ইতিবাচক ভূমিকার পরিচয় বহন করে।

শিল্পমন্ত্রী বলেন, বিসিক ও এসএমই ফাউন্ডেশনের সমন্বয়ে দেশব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি ইউরোপীয় ও চীনা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে তাদের অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা এবং প্রয়োজনে ঋণ সহায়তা কাজে লাগানোর উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, দেশের শিল্পায়ন ও উদ্যোক্তা উন্নয়ন কোনো একক প্রতিষ্ঠানের কাজ নয়। সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় একটি কর্মসংস্থানমুখী, বৈষম্যহীন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই এ লক্ষ্য অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি শিল্প সচিব আব্দুন নাসের খান, বিসিক পরিচালক অর্থ কাউজার মোহাম্মদ ফারাবী এবং উদ্যোক্তা শামীমা পারভীন ও হাজেরা আক্তার বক্তৃতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights