ঋণের ফাঁদে ফেরারি জীবন
কাজী শাহেদ, রাজশাহী
রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের আবদুল হাই লাভলু। দেড় বছরে বেশ কয়েকটি এনজিও (বেসরকারি সংস্থা) থেকে স্ত্রী, মা ও বোনের নামে নেন সাড়ে ৫ লাখ টাকার ঋণ, যা দিয়ে অন্য ফসলের চেয়ে বেশি দামের আশায় ৩০ বিঘা জমিতে করেন আলুর আবাদ; কিন্তু সে আশায় গুড়ে বালি, উৎপাদন খরচের চেয়ে আলুর দাম পান অর্ধেকেরও কম। ফলে দফায় দফায় সময় নিয়েও এনজিওগুলোর ঋণ পরিশোধে ব্যর্থ হচ্ছিলেন। ঋণ দেওয়া আরও কয়েকটি এনজিওর মাঠকর্মীরা টাকা আদায়ে দিন নেই, রাত নেই হাজির হচ্ছিলেন তার বাড়িতে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে নিরুদ্দেশ হন লাভলু। এখন সেই ঋণের বোঝা চেপেছে তার বিধবা মা নাসরিন বানুর কাঁধে। তিনি বলেন, ‘ছেলে পালিয়েছে। এখন সেই ঋণের চাপ আমার ওপর পড়েছে। প্রতিদিন লোকজন এসে টাকা চায়। যদিও কোনো কোনো এনজিওর ৫০ শতাংশ ঋণ পরিশোধও হয়েছে; কিন্তু তারপরও তারা সুদ আরও বাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। যা দেখছি, মরণ ছাড়া কোনো উপায় নেই।’ রাজশাহীর দুর্গাপুরের শ্যামপুর গ্রামের শরিফ উদ্দীন রেন্টু। পানের আড়তে কাজ করে দৈনিক ৫০০-৭০০ টাকা মজুরি পেতেন। সম্পদ শুধু দেড় কাঠার বাড়ির ভিটা। ঋণ পাওয়ার যোগ্যতা ছাড়াই পানের ব্যবসা করার কথা বলে একে একে ১৮টি এনজিও থেকে দৈনিক কিস্তির ভিত্তিতে ১০ লাখ টাকার বেশি ঋণ নেন। কিন্তু দৈনিক কিস্তি আর সুদ শোধের চাপে এক রাতে রেন্টু ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
শুধু লাভলুই নন, একইভাবে তানোর উপজেলার তালোন্দ ইউনিয়নের নারায়ণপুর গ্রামের রবিউল ইসলাম মোংলা, শহিদুল ইসলাম, লুৎফর রহমান মরু, এনামুলসহ অনেকেই ঋণের বোঝা বহন করতে না পেরে পালিয়ে ঢাকায় চলে গেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এই দুটি ইউনিয়ন ছাড়াও উপজেলার অন্য ইউনিয়নগুলোর গ্রামের চিত্র প্রায় একই রকম। তানোরের ৮৫-৯০ শতাংশ মানুষই চাষাবাদসহ বিভিন্ন কারণে ঋণ নিয়ে এখন অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন। জেলার অন্যান্য উপজেলার চিত্রও ভিন্নকিছু নয়। সবমিলিয়ে রাজশাহীতে এনজিও এবং সুদের কারবারিদের কাছ থেকে ঋণ নেওয়ার যেন হিড়িক পড়েছে। ঋণের বৃত্তে আটকা পড়েছেন জেলার নিম্ন আয়ের হাজার হাজার মানুষ। উচ্চসুদে নেওয়া ঋণের অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের কথা থাকলেও তা না করে সাংসারিক প্রয়োজনে ব্যয় করছেন। ফলে এখন সেই ঋণের অর্থ পরিশোধ করতে না পেরে পড়ছেন বেকায়দায়।
অনুসন্ধানে জানা যায়, জেলার চারঘাট উপজেলার মুংলি ও কালুহাটি গ্রামের বেশ কয়েকটি পরিবার ঋণের চাপে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। পার্শ্ববর্তী বাঘা উপজেলার কেশবপুর গ্রামের ইউনুস আলী সুদকারবারিদের কাছে থেকে টাকা নিয়েছিলেন; কিন্তু তা শোধ করতে না পেরে কয়েক বছর ধরে বাড়িছাড়া। একইভাবে এই উপজেলার পীরগাছা, মাঝপাড়া, দিঘা ও বাউসাসহ কয়েকটি গ্রামের অন্তত ২০ জন ঋণের চাপে পরিবারের লোকজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। একই চিত্র রাজশাহীর বাকি কটি উপজেলারও। তানোরের আলু ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে এ বছর ৬০ বিঘা জমিতে আলু লাগিয়েছিলাম। আলুতে উৎপাদন খরচ হয়েছে কোটি টাকারও বেশি। সে হিসাবে প্রতি কেজি আলু উৎপাদনে কমপক্ষে ২৫ টাকা খরচ হয়েছে; কিন্তু এই আলু বিক্রির জন্য ১৩ টাকা কেজি দরে হিমাগারে রাখা হয়েছে। হিমাগারের খচর প্রতি কেজি ৫ টাকা। সব বাদ দিয়ে প্রতি কেজি আলুর কেজি দাঁড়াচ্ছে মাত্র ৬ টাকা। এভাবেই আমাকে এবার প্রায় ৯০ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে। আবার ব্যাংক ঋণ তো আছেই।’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘এনজিও কর্মীদের ওপর থাকে ঋণ বিতরণের চাপ। চাকরি টিকিয়ে রাখতে তারা যাচাইবাছাই ছাড়াই ঋণ দেন। অন্যদিকে ঋণগ্রহীতারা টাকার সঠিক ব্যবহার করতে পারেন না। ফলে দুষ্টচক্রে পড়ে নিঃস্ব হন তারা।’ রাজশাহী জেলার ৯টি উপজেলায় ৩০৭টি এনজিও এমআরএর অনুমোদন নিয়ে ঋণ কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে পবায় ৫৫টি, তানোরে ৩৮টি, বাগমারায় ৩৫টি, মোহনপুরে ৩৩টি, পুঠিয়ায় ৩৩টি, দুর্গাপুরে ৩২টি, চারঘাটে ২৩টি, বাঘায় ২৫টি ও গোদাগাড়ীতে ৩৩টি এনজিও ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে। এ ছাড়া ৯টি উপজেলায় সমবায় অধিদপ্তরে নিবন্ধিত ১ হাজার ২৫৯টি সমিতি আছে। এর মধ্যে ৩৭৩টি সরাসরি ঋণ কার্যক্রম পরিচালনা করছে। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত ৫৪২টি সংস্থা কাজ করে ৯টি উপজেলায়। এর মধ্যে ৮২টি সংস্থা ঋণ কার্যক্রম পরিচালনা করছে। যাচাইবাছাই ছাড়া ও বৈধ প্রক্রিয়া অনুসরণ না করে এনজিওগুলোর যত্রতত্র ঋণ বিতরণ প্রসঙ্গে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘যারা অনুমতি ছাড়া ঋণ বিতরণ কার্যক্রম চালাচ্ছে এ ধরনের এনজিও এবং সংস্থাগুলোকে চিহ্নিত করে তালিকা তৈরি হচ্ছে। তাদের ঋণদানে আরও সতর্কতার নির্দেশ দেওয়া হবে।’
