মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ, নেওয়া হয়েছে নানা কর্মসূচি

টাঙ্গাইল প্রতিনিধি

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজারে সর্বস্তরের মানুষের সমাবেশ ঘটবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এ বি এম শহিদুল ইসলাম বলেন, ‘ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী এবার ভিন্নমাত্রায় নিয়ে গেছি। তাঁর মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’

আজ সকাল সাড়ে ৭টায় মওলানা ভাসানীর মাজারে ভিসির নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যে মাজার প্রাঙ্গণে রঙের কাজ, প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষে সাত দিনব্যাপী ভাসানী মেলা চলছে।

এদিকে মওলানা ভাসানীর সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। ভাসানীর নাতি মাহমুদুল হক সানু বলেন, মওলানা ভাসানীকে তাঁর যোগ্য সম্মান দেওয়া হয়নি। তাই তাঁর মৃত্যু দিবসে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হোক। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মওলানা ভাসানী। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে চিরনিদ্র্রায় শায়িত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights