নানা সংকটে দর্শনার্থী হারাচ্ছে শালবন বিহার

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লা শালবন বিহার ও ময়নামতি জাদুঘর। দেড় হাজার বছরের প্রাচীন সভ্যতা। নানা সংকটে সেখানে দিনদিন কমছে দর্শনার্থী। সূত্রমতে, কুমিল্লা নগরী থেকে আট কিলোমিটার দূরে শহরতলি কোটবাড়িতে অবস্থিত। দেশের উল্লেখযোগ্য এই প্রত্ন পর্যটন সাইটে দিনদিন কমছে দর্শনার্থী। ২০২৪ সালে দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও বিরূপ জলবায়ুর কারণে এই ভাটা দেখা দিয়েছে বলে মনে করছে শালবন বিহার ও ময়নামতি জাদুঘর কর্তৃপক্ষ। বিশেষ করে কমেছে শিক্ষাপ্রতিষ্ঠানের দলভিত্তিক ভ্রমণ। দর্শনার্থী বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানায় তারা।

বিভিন্ন সূত্র জানায়, শালবন বৌদ্ধ বিহারে রয়েছে অষ্টম শতকের পুরাকীর্তি, পাশে রয়েছে ময়নামতি জাদুঘর। শালবন বিহার ও ময়নামতি জাদুঘরে ২০২৩-২৪ অর্থবছরের দর্শনার্থী ছিল ৪ লাখ ৬৮ হাজার ৩৫৮ জন, রাজস্ব আয় হয় ১ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৮২১ টাকা। ২০২৪-২৫ অর্থবছরের দর্শনার্থী কমে দাঁড়ায় ৪ লাখ ৪৫ হাজার ৫৯৬ জন, রাজস্ব^ আয় ১ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ৬১৭ টাকা। ২০২৫-২৬ অর্থবছরের দর্শনার্থী আরও কমে দাঁড়ায় ৪ লাখ ৩ হাজার ২৭২ তে, রাজস্ব আয় ১ কোটি ১৬ লাখ ২৮হাজার ৮৬৭ টাকা। এ হিসাবে প্রতি বছরই দর্শনার্থী ও রাজস্ব আয় কমছে। শালবন বৌদ্ধ বিহারের ভিতরে গিয়ে দেখা যায়, চারপাশে সবুজ ঘাসের গালিচা। তেমন দর্শনার্থীর উপস্থিতি নেই। নরসিংদীর রায়পুরা উপজেলার দর্শনার্থী ওবায়েদুল্লাহ বলেন, ‘এখানে প্রথমবারের মতো বন্ধুদের সঙ্গে এসেছি। এখানে ভালো মানের খাবার দোকান ও শৌচাগার থাকলে আরও ভালো হতো।’ ঢাকার দর্শনার্থী সাব্বির হোসেন সৌরভ বলেন, ‘বাংলাদেশের ঐতিহ্য ও ইতিহাস জানতে ভ্রমণ করতে হবে। এখানে যোগাযোগব্যবস্থা আরও সহজ ও আরামদায়ক করা উচিত। মানসম্পন্ন খাবার ব্যবস্থা গড়ে তুলতে হবে।’ ঢাকা থেকে আসা আরেকজন দর্শনার্থী নিহাল আহমেদ বলেন, ‘আমাদের দেশে রয়েছে হাজারো বছরের সভ্যতা। তার মধ্যে অন্যতম শালবন বৌদ্ধ বিহার। এ বিষয়টি বিদেশিদের জানানো উচিত। এতে দেশে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে।’

শালবন বৌদ্ধ বিহার ও ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান মো. শাহীন আলম বলেন, ‘২০২৪ সালের পর থেকে দর্শনার্থী কমছে, কমছে রাজস্ব আয়। বর্তমানে একটি রাজনৈতিক সরকার এসেছে। আশা করছি চলতি অর্থবছরে দর্শনার্থী বাড়বে। দর্শনার্থী ও রাজস্ব আয় বাড়াতে ময়নামতি জাদুঘরের পাশে একটি শিশু কর্নার স্থাপন করা হচ্ছে। এ ছাড়া গাড়ি রাখার মাঠের উত্তর পাশে ফুডকোর্ট ও পশ্চিম পাশে কালচারাল প্রোগ্রামের জন্য মিলনায়তন স্থাপনের বিষয়ে আমরা আবেদন জানিয়েছি। এগুলো বাস্তবায়িত হলে রাজস্ব আয় বাড়বে বলে আশা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights