আইইউবিতে ‘গোল্ডেন স্নিচ ২.০’ পোস্টার প্রদর্শনী
প্রেস বিজ্ঞপ্তি
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) দেশব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় নীতি প্রতিযোগিতা ‘গোল্ডেন স্নিচ ২.০’-এর পোস্টার প্রদর্শনী হয়েছে। রোববার(১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। লাইটক্যাসল পার্টনার্সের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপের (এসবিই) ডিন অধ্যাপক ইমরান রহমান এর উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন বিভাগের প্রধানরাও উপস্থিত ছিলেন।
আইইউবির এসবিই অনুষদের অর্থনীতি বিভাগের সংগঠন ‘ইন্ডিপেনডেন্ট ইকোনমিক সোসাইটি’ (আইইএস) এই প্রতিযোগিতার আয়োজন করেছে। ‘গোল্ডেন স্নিচ ২.০’-এর মূল লক্ষ্য হলো, গবেষণা ও তথ্যভিত্তিক সমাধানের মাধ্যমে সমসাময়িক অর্থনৈতিক এবং নীতিগত চ্যালেঞ্জগুলো পর্যালোচনার জন্য সারা দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি উপযুক্ত প্ল্যাটফর্ম দেওয়া। এরই মধ্যে শিক্ষার্থীদের জমা দেওয়া নীতি বা পলিসি পোস্টারগুলোর মূল্যায়ন শেষে ৩২টি দলকে পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রদর্শনীতে এই নির্বাচিত দলগুলোর পোস্টারই স্থান পেয়েছে।
আগামী ২০ ও ২১ নভেম্বর এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের প্রধান অর্থনীতিবিদ ড. সুলেমান কুলিবালি। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির।
অনুষ্ঠানে ‘বাংলাদেশের উন্নয়নের গতিপথ: সমসাময়িক নীতিগত চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোকে স্বীকৃতি ও পুরস্কার দেওয়ার মাধ্যমে এই আয়োজনের পর্দা নামবে।
