বর্ণিল আয়োজনে চবির হীরকজয়ন্তী

চবি সংবাদদাতা

দিনব্যাপী আনন্দ র‌্যালি, কেক কাটা, স্মৃতিচারণা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে হীরকজয়ন্তী (৬০ বছর) পালন করল দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন ৪ হাজার ৬৭১ জন সাবেক শিক্ষার্থী। তবে উৎসবের মধ্যেই অনুষ্ঠানস্থলে মুখোমুখি অবস্থানে দেখা যায় শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের। হাতাহাতির ঘটনাও ঘটে। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্যদের দুই পক্ষকে আলাদা করে রাখতে দেখা যায়। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আনন্দ র?্যালির মধ্য দিয়ে হীরকজয়ন্তীর আয়োজন শুরু হয়। র‌্যালিটি শহীদ মিনার চত্বর থেকে অগ্রণী ব্যাংক মোড় ও নিরাপত্তা দপ্তর মোড় হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটা হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাষ্ট্রীয় কাজ থাকায় আসতে পারিনি। তবে আনন্দের বিষয়, ৬০ বছর হয়ে গেছে। এ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে কীভাবে কাজে লাগাতে পারি, তা নিয়ে ভাবতে হবে। অ্যালামনাই আছে, শিক্ষক আছেন, অনেক সমৃদ্ধ। এত সুন্দর জায়গায় অবস্থিত ক্যাম্পাস খুব কম বিশ্ববিদ্যালয়েরই আছে। এটিকে আরও কীভাবে উন্নত করা যায়, তা আলোচনার বিষয়।’ বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গবেষণার পরিধি ও কার্যক্রম বাড়াতে হবে। দেশের বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণার সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের পাশাপাশি সংশ্লিষ্ট শিল্প খাত ও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন।’

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল অতীতের পাশাপাশি বিগত দুই দশকে বিদেশি শিক্ষার্থী ও শিক্ষক আকর্ষণে ব্যর্থতার মতো কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তবে গত আট মাসে আমরা বিশ্ববিদ্যালয়কে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে আন্তর্জাতিক অ্যাফেয়ার্স সেল পুনর্গঠন এবং ১২৫টি করপোরেট কোম্পানির সঙ্গে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন’ চালু করেছি।’

অনুষ্ঠান স্থলে মুখোমুখি শিবির-ছাত্রদল : পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে হীরকজয়ন্তীর অনুষ্ঠানস্থলে আসে শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় মুখোমুখি অবস্থানে দেখা শাখা ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রক্টরিয়াল বডির সদস্যদের দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে হাত দিয়ে আলাদা করে রাখতে দেখা যায়। এ সময় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনকে শিবিরের সভাপতিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘রনি, তোমার ছেলেরা আমাদের ধাক্কা দিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights