গ্রামীণ জনপদে যোগাযোগ সহজ করতে মহাপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ জনপদে যোগাযোগব্যবস্থা সহজ করতে দেশের আট বিভাগের ৪৮ জেলার ১২৫টি উপজেলায় ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করবে সরকার। এজন্য ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের নিজস্ব অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। সেতু নির্মাণসহ মোট ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

গতকাল রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি। মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ, বৈদেশিক ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে। সভা শেষে ব্রিফিং করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ প্রকল্পটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর আওতায় ৪৯ হাজার ৫০ মিটার দীর্ঘ ২৫৬টি সেতু, ৬৫ দশমিক ১৮৭ কিলোমিটার সংযোগ সড়ক এবং সেতুর ৭ হাজার ৭০০ মিটার রক্ষা কাজ করা হবে। এজন্য ৩০০ একর জমি অধিগ্রহণের পরিকল্পনাও রয়েছে। প্রকল্পের লক্ষ্য গ্রামীণ হাটবাজার, কৃষি উৎপাদনকেন্দ্র, শিল্পপ্রতিষ্ঠান, নদীবন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবাকেন্দ্রের সঙ্গে সড়ক যোগাযোগ উন্নত করা। এতে যাতায়াতের দূরত্ব ও পণ্য পরিবহনের ব্যয় কমার পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে বলে আশা করা হচ্ছে।

তবে প্রকল্পের সেতুর সংখ্যা ও ব্যয় কয়েক দফায় বেড়েছে। আগের পরিকল্পনায় ৬৩টি সেতু নির্মাণের কথা থাকলেও পরে তা বাড়িয়ে ২০৪টি করা হয়। সর্বশেষ প্রস্তাবে আরও ৫২টি সেতু যুক্ত করা হয়েছে। জুলাইয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) প্রথম প্রস্তাবে ২০৪টি সেতুর জন্য ব্যয় ধরা হয়েছিল ৭ হাজার ৯৫৫ কোটি ৪৮ লাখ টাকা। নতুন প্রস্তাবে সেতুর সংখ্যা বাড়লেও ৯৮টির সমীক্ষা এখনো বাকি রয়েছে। প্রকল্পের হিসাবে প্রতি মিটার সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ৬৬ হাজার টাকা।

একনেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জয়পুরহাট, ফরিদপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সিলেট বিভাগের চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং বৃহত্তর যশোরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। এ ছাড়া পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের পয়োবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights