‘বোমা পড়ার অপেক্ষা করবে না ইরান, হামলার প্রস্তুতি দেখলেই পাল্টা আঘাত’
অনলাইন ডেস্ক
ওয়াশিংটন যদি ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করে, তবে পশ্চিম এশিয়ার বাইরে থাকা মার্কিন সামরিক সম্পদ ও স্থাপনাগুলোতেও আঘাত হানতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মারান্দি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাল্টা জবাব দেওয়ার জন্য ইরান এবার আর হামলা শুরু হওয়ার অপেক্ষা করবে না।
লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিনের ‘দ্য গ্র্যান্ড স্ট্যান্ডঅফ: ইরান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকারে অধ্যাপক মারান্দি জানান, ইরান তার সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো ধরনের উসকানি বা উত্তেজনার জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইরানের সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, তেহরান এখন তার পূর্বনির্ধারিত ২ হাজার কিলোমিটার ক্ষেপণাস্ত্র সীমার বাইরে গিয়েও লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে। তাঁর ভাষায়, ইরান স্পষ্ট করে বলে দিয়েছে যে বোমা পড়া শুরু হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবে না। হামলার কোনো প্রস্তুতি শনাক্ত করা মাত্রই তেহরান পদক্ষেপ নেবে এবং এই অঞ্চল ও এর বাইরে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো আর নিরাপদ বলে বিবেচিত হবে না। ইরান ইতোমধ্যেই মার্কিন অবস্থানে আঘাত হানার সক্ষমতা প্রমাণ করেছে এবং দেশের বিরুদ্ধে ব্যবহৃত দূরবর্তী অবস্থানের সম্পদগুলোর ক্ষেত্রেও সেই সক্ষমতা প্রয়োগ করা হবে বলে তিনি জোর দেন।
পূর্ববর্তী ইরানি হামলার পর মার্কিন সামরিক সরঞ্জাম স্থানান্তরের বিষয়টিকে বর্তমান সামরিক পরিস্থিতির পরিবর্তনের কেন্দ্রে রেখে মারান্দি বলেন, মার্কিন বাহিনী শুরুতে ইরানের সীমান্তের কাছে তাদের অধিকাংশ সরঞ্জাম ও সামরিক অবকাঠামো জড়ো করেছিল, যেখানে ইরানি হামলায় সেসব ঘাঁটি ও সম্পদ ধ্বংস হয়ে যায়। এরপর মার্কিন বাহিনী তাদের সরঞ্জাম জর্ডানে সরিয়ে নেয়, কিন্তু সেখানেও ইরানি হামলায় মার্কিন অবস্থানগুলো ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে তারা সেগুলো অধিকৃত ফিলিস্তিন ও অন্যান্য স্থানে সরিয়ে নেয়। এখন ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ রেখেই তাদের সামরিক হার্ডওয়্যার ইউরোপ ও অন্যান্য দূরবর্তী অঞ্চলে নিরাপদ রাখার চেষ্টা করছে। এ প্রসঙ্গে মারান্দি বলেন, ইরান চায় না যে আমেরিকানরা ডিয়াগো গার্সিয়া কিংবা ইউরোপের ঘাঁটিগুলোতে তাদের সামরিক সম্পদ নিরাপদ বলে মনে করুক। তিনি আরও বলেন, তেহরানের এই বর্ধিত লক্ষ্যভেদী সক্ষমতা ইরানের ওপর সামরিক চাপ বজায় রাখার ক্ষেত্রে ওয়াশিংটনের পথ কঠিন করে তুলবে, কারণ ইরানের বিরুদ্ধে ব্যবহৃত যেকোনো স্থানের মার্কিন সামরিক সরঞ্জামে আঘাত হানার সামর্থ্য এখন ইরানি বাহিনীর রয়েছে। এ ছাড়া তেহরানের সশস্ত্র বাহিনীর নির্দেশনা অমান্যকারী জাহাজগুলোর ওপর ইরানের হামলা বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি জানান, ওয়াশিংটনকে সহায়তাকারী দেশগুলোর সঙ্গে যুক্ত জাহাজগুলো এখন আরও তীব্র হামলার মুখে পড়ছে এবং আগের চেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে।
সূত্র: আল মায়াদিন
