হারানো শিশু ফেরে লাশ হয়ে
জিন্নাতুন নূর
হঠাৎ একটি শিশু নিখোঁজ হয়ে যায়। এরপর উদ্বিগ্ন অভিভাবকরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কেউ যান পুলিশের সাহায্য নিতে। ভাগ্য ভালো হলে অভিভাবকদের কেউ কেউ দ্রুত হারানো শিশুকে ফিরে পান। কিন্তু অনেকেই ফিরে পান আদরের সন্তানের লাশ। সম্প্রতি দেশে নিখোঁজের পর শিশু হত্যার ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই মুক্তিপণের জন্য অপহৃত শিশুটি হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। কেউ পারিবারিক বিরোধের কারণে অপহৃত হচ্ছে। কেউবা ধর্ষণের পর নিখোঁজ এবং শেষ পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এই ঘটনায় দেশব্যাপী শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এই অবস্থার মধ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্যে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে মোট নিখোঁজ হওয়ার পর ৪৯টি শিশুর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ১৭টি মামলা দায়ের হয়। এর মধ্যে শূন্য থেকে ছয় বছর বয়সি শিশুর সংখ্যা ১৭টি। ৭ থেকে ১২ বছর বয়সি শিশুর সংখ্যা ১৭টি। ১৩ থেকে ১৮ বছরের শিশুর সংখ্যা ১৩টি। ২ জন শিশুর বয়স উল্লেখ করা হয়নি।
ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজ হওয়ার এক দিন পর ঘরের পাশের পুকুর থেকে চার বছর বয়সি মোছা. মাসতুরা নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। গত অক্টোবরের প্রথম সপ্তাহে এই ঘটনা ঘটে। চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর হালিমা আকতার নামের তিন বছর বয়সি আরেক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। গত মাসের মাঝামাঝিতে প্রতিবেশীর বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়। বান্দরবানের ফুপুর কক্ষ থেকে গত সেপ্টেম্বর মাসে এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া শিশুদের মধ্যে ২ হাজার ৩৮ জনের সন্ধান মেলেনি। এই সময়ে নিখোঁজ ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হয় বা পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু নিখোঁজ শিশুদের ১৩ শতাংশের সন্ধান পাওয়া যায়নি। পুলিশের তথ্যে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে নয় বছর বয়সি শিশু নিখোঁজের বিষয়ে ৪৭৪টি জিডি হয়। এদের মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা হয়। ৬৮ জনকে উদ্ধার করা যায়নি। আর ১০ থেকে ১৭ বছর বয়সি শিশু নিখোঁজের জিডি হয় ১৫ হাজার ২৪৩টি। এদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়। ১ হাজার ৯৭০ জন উদ্ধার করা যায়নি। পুলিশের ভাষ্যে, শূন্য থেকে নয় বছর বয়সি শিশুরা সাধারণত পরিবারের সদস্যদের সঙ্গে অপরিচিত স্থানে ঘুরতে গিয়ে পথ ভুলে, পরিবারের সদস্যদের নাম-ঠিকানা বলতে না পারায় এবং একা বাসায় ফিরতে গিয়ে অন্য কোথাও চলে যাওয়ায় নিখোঁজ হয়। আর ১০ থেকে ১৭ বছর বয়সিদের নিখোঁজ হওয়ার পেছনে অভিমান, পড়ালেখার চাপ, অনৈতিক কাজে জড়িয়ে লজ্জার ভয়ে পালিয়ে থাকা, স্বাধীন জীবনযাপনের আকাক্সক্ষা, পরিবার থেকে অর্থ আদায়ের কৌশল, পারিবারিক কলহ অন্যতম কারণ। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কোনো শিশু নিখোঁজ হলে তাৎক্ষণিকভাবে শিশুর অভিভাবক, প্রতিবেশী বা সচেতন নাগরিকরা ফোন করে জানান। তাৎক্ষণিকভাবে বেশ কিছু নিখোঁজ শিশু উদ্ধার করেছি। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় যে রেলস্টেশন, লঞ্চে অভিভাবকদের সঙ্গে থাকা শিশুটি অসাবধনতায় হারিয়ে যায়। তখন ৯৯৯-এ কেউ হারিয়ে যাওয়া শিশুর খোঁজে সহায়তা চাইলে রেল পুলিশসহ সংশ্লিষ্টদের সহায়তা নিয়ে শিশুটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়।’
