সক্রিয় ৩৫ কিশোর গ্যাং
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মহানগরীর অলিগলি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ, পার্ক, লেক ও ফ্লাইওভার এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতায় উদ্বেগ বাড়ছে। ছিনতাই, মারধর, সংঘবদ্ধ হামলা, চাঁদাবাজি, যৌন হয়রানি ও মাদককেন্দ্রিক অপরাধের অভিযোগ উঠছে এসব দলের সদস্যদের বিরুদ্ধে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে উত্ত্যক্ত করা, বেপরোয়া মোটরবাইক চালানো এবং দলবদ্ধভাবে মহড়া দেওয়ার ঘটনাও নগরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান ও নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, মহানগরীর ৩০ ওয়ার্ডেই কিশোর অপরাধী চক্রের উপস্থিতি আছে। সক্রিয় চক্রের সংখ্যা অন্তত ৩৫ এবং সদস্য ৫ শতাধিক বলে উল্লেখ করা হয়েছে। এসব চক্রের মধ্যে টেন স্টার বয়, রাইজিং বয়, অদম্য বালক, গলি বয়, হিটার বয়েজ, নেকসাস, মায়া, ফালতু, সিংহাম, প্লাস্টিক, ডি-হট বয় ও বুলেট গ্যাংয়ের নাম এসেছে। নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ, সিঅ্যান্ডবি সড়ক, বিমান চত্বর, পদ্মাপার, চিড়িয়াখানা, ভদ্রা পার্ক, লেক ও ফ্লাইওভার এলাকাকে কিশোরদের আড্ডা ও অপরাধপ্রবণতার সম্ভাব্য হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুই বছর আগে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ৫ শতাধিক কিশোর গ্যাং সদস্যের তথ্যভান্ডার তৈরি করেছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরএমপির মুখপাত্র উপকমিশনার গাজীউর রহমানের দেওয়া তথ্যানুযায়ী, গত ছয় মাসে কিশোর অপরাধীদের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। এসব ঘটনায় ১২ কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজন শিশু। সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। তিনি বলেন, ‘কিশোর গ্যাংয়ের সন্ত্রাস, মাদক কারবার ও সেবন এবং ছিনতাইয়ের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে।’
