রেকর্ড ১৯.৪ মিলিয়ন ডলারে বিক্রি হলো ভ্যান গঘের চিত্রকর্ম
অনলাইন ডেস্ক
মাত্র ৩৭ বছরের জীবনেই শেষ হয়েছিল তাঁর পথচলা। জীবদ্দশায় চরম দারিদ্র্য, মানসিক যন্ত্রণা আর অবহেলার মধ্যেই কেটেছে দিন। তাঁর আঁকা ছবি তখন তেমন মূল্যই পায়নি। অথচ মৃত্যুর ১৩৬ বছর পর সেই ছবির জন্যই নিলামে কোটি কোটি টাকা খরচ করতে প্রস্তুত শিল্পপ্রেমীরা। সময়ের সঙ্গে বদলে গেছে তাঁর শিল্পের মূল্যায়ন। তিনি ডাচ শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ।
নাৎসি আমলের মালিকানা নিয়ে বিতর্কের অবসানের পর বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের আঁকা ‘শাতেনিয়ে অঁ ফ্লর’ চিত্রকর্মটি রেকর্ড ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হয়েছে। বুধবার নিউইয়র্কে নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স-এর মাধ্যমে এই বিক্রি সম্পন্ন হয়।
‘শাতেনিয়ে অঁ ফ্লর’ বা ‘ফুল ফোটা চেস্টনাট গাছ’ নামের এই চিত্রকর্মটি বিক্রির মধ্য দিয়ে ভ্যান গঘের আগের নিলাম রেকর্ড ভেঙে গেল। এর আগে ২০২২ সালে তার একটি চিত্রকর্ম ১১ কোটি ৭২ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
নিলামের আগে তেলরঙে আঁকা এই চিত্রকর্মটির সম্ভাব্য দাম ধরা হয়েছিল ১৮ কোটি ডলার। ‘ব্লাকিয়ার-আরিয়েতা কালেকশন’ নামের একটি সংগ্রহের অংশ হিসেবে এটি নিলামে তোলা হয়েছিল।
নাৎসিদের উত্থানের সময় শিল্পকর্মটি চাপের মুখে বিক্রি করা হয়েছিল বলে একটি বিতর্ক চলছিল। নিলামের ঠিক আগমুহূর্তে সমঝোতার মাধ্যমে সেই বিরোধ মিটে যাওয়ার পর চিত্রকর্মটি বিক্রির পথ তৈরি হয়।
১৮৯০ সালে ভ্যান গঘের জীবনের শেষ দুই মাসে চিত্রকর্মটি আঁকা হয়েছিল। সদবি’স-এর মতে, ব্যক্তিগত সংগ্রহে থাকা ওই সময়ের শিল্পকর্মগুলোর মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
তবে চিত্রকর্মটি কে কিনেছেন, তা সঙ্গে সঙ্গে জানা যায়নি। এ বিষয়ে মন্তব্য জানতে বিবিসি সদবি’স-এর সঙ্গে যোগাযোগ করেছে।
নিলামের কয়েক ঘণ্টা আগে সদবি’স জানায়, চিত্রকর্মটি বিক্রি নিয়ে ব্লাকিয়ার-আরিয়েতা পরিবার এবং এর আগের জার্মান মালিক ফিশার পরিবারের উত্তরাধিকারীদের মধ্যে চলা বিরোধের সমাধান হয়ে গেছে। ফিশার পরিবারের উত্তরাধিকারীদের পক্ষে কাজ করা প্রতিনিধিরা দাবি করেছিলেন, নাৎসিদের উত্থানের সময় চিত্রকর্মটি হয়তো চাপের মুখে বিক্রি করা হয়েছিল।
ওই পরিবারের উত্তরাধিকারীদের একজন আইনজীবী তাদের পক্ষ থেকে সদবি’স-কে চিঠি দিয়ে জানান যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমস্টারডামে চিত্রকর্মটি বিক্রি করা হয়েছিল। নাৎসিদের আমলে ফিশার পরিবারের প্রকাশনা সংস্থার আর্থিক ক্ষতির কারণেই এমনটা হয়েছিল। এ বিষয়ে মন্তব্য জানতে বিবিসি ওই আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছে।
বুধবার সদবি’স জানায়, ‘চিত্রকর্মটির জটিল নাৎসি-যুগের ইতিহাস এবং হলোকাস্টের সময় ফিশার পরিবারের সহ্য করা কষ্টকে স্বীকৃতি দিয়ে দুই পরিবার পারস্পরিকভাবে সন্তোষজনক একটি সমাধানে পৌঁছেছে এবং তাদের চুক্তি অনুযায়ীই শিল্পকর্মটি বিক্রি করা হবে।’
সদবি’স-এর ওয়েবসাইটে তেলরঙে আঁকা এই চিত্রকর্মটির মালিকানা পরিবর্তনের ইতিহাস বিস্তারিত তুলে ধরা হয়েছে। ১৮৯০ সাল থেকে কীভাবে এটি হাতবদল হয়েছে, তার গবেষণার বিবরণও সেখানে দেওয়া আছে। সেখানে বলা হয়েছে, বিখ্যাত জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশার ১৯০৯ সালে চিত্রকর্মটি কিনেছিলেন। এরপর ১৯৩৪ সালে তার মৃত্যুর পর এটি পরিবারে হস্তান্তর করা হয়।
সদবি’স-এর তথ্য অনুযায়ী, ১৯৩২ বা ১৯৩৩ সালে চিত্রকর্মটি আমস্টারডামের পল ক্যাসিরারের কাছে রাখা হয়। এরপর ১৯৩৬ সালে এটি প্যারিসের হেনরিয়েট ও মার্সেল কাপফেরারের কাছে যায়। এরপর আরও চারজন মালিকের হাত ঘুরে চিত্রকর্মটি আসে।
নিলাম প্রতিষ্ঠানটি জানিয়েছে, সর্বশেষ এই বিক্রির আগে ব্লাকিয়ার পরিবার ১৯৭৫ সালে এটি কিনেছিল এবং অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে তাদের মালিকানায় ছিল।
তথ্যসূত্র-বিবিসি
