দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যকে ব্যাহত করতে দেশে দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে। সবাই মিলে এই দুর্বৃত্তায়নকে প্রতিহত করতে হবে।
তিনি শুক্রবার বিকালে নগরীর পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার আয়োজিত ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতিকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য আমরা সফলভাবে বাস্তবায়ন করব। সেই দিকে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি, উন্নয়নের যে নীতিমালা আমরা দিয়েছি, সেটাকে ব্যাহত করার জন্য দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু হয়েছে। এই দুর্বৃত্তরা তাদের দুর্বৃত্তায়নের মাধ্যমে বিগত দিনে বাংলাদেশকে লুটপাট করে গেছে। সেই লুটপাটের মাশুল আমাদের সবাইকে এখনও দিতে হচ্ছে। তারা চায় না বাংলাদেশ উন্নতির দিকে যাক, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সফলভাবে বাস্তবায়ন হোক।
চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। গেস্ট অব অনার ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, সিআইটিএফের চেয়ারম্যান ও চেম্বার পরিচালক এসএম সাইফুল আলম, সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী, সহসভাপতি মশিউল আলম স্বপন প্রমুখ।
দুর্বৃত্তরা অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে চাইছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সকলে মিলে তাদের প্রতিহত করতে হবে।সরকার করবে, রাজনীতিবিদরা করবে, ব্যবসায়ীরা করবে। এগুলো সকলের স্বার্থে।এটা শুধু সরকারের একার দায়িত্ব নয়। যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। এখানে সরকারের স্বার্থে নয়। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের স্বার্থে অর্থনৈতিক অগ্রগতিতে এগিয়ে যেতে হবে। এ জন্য প্রয়োজন স্থিতিশীল পরিবেশ। দেশকে স্থিতিশীল রাখতে পারলে সরকারের পরিকল্পনা অনুযায়ী অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হবে।
চট্টগ্রাম বন্দরকে ঘিরে দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা হচ্ছে জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের সবগুলো বন্দর প্রাইভেট সেক্টরে চলে যাচ্ছে। বৈশ্বিক পর্যায়ে যেতে ও সক্ষমতা বাড়াতে হলে প্রাইভেট সেক্টর ছাড়া সম্ভব হবে না। চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কার্গো ভিলেজসহ আরও উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়া হচ্ছে। শিল্পায়নের জন্য সমুদ্রবন্দরের পাশাপাশি বিমানবন্দরেরও উন্নয়ন করতে হবে।
