ছাত্রলীগের কাউকে গ্রেফতার করলে ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করলে পরিবারের সদস্যদের হত্যা ও বংশ নিশ্চিহ্ন করার হুমকি দেওয়া হয়েছে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমকে।

হোয়াটসএ্যাপে একাধিকবার হুমকিমূলক বার্তা পাঠানোর পর নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি হালিম।

জিডি সূত্র জানায়, গত বুধবার রাত ৮টা ৫৩ মিনিট থেকে কয়েক দফায় দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে ওসির সরকারি মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে এসব হুমকিমূলক বার্তা পাঠানো হয়। নম্বরটির তথ্যতে ইংরেজিতে ‘এন এম জামাল’ নাম ব্যবহার করা হয়েছে। একটি বার্তায় লেখা হয়, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব।’

অন্য একটি বার্তায় দায়িত্ব পালন থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়ে বলা হয়, তার জীবন ও জোরারগঞ্জ থানার নিরাপত্তা হুমকির মুখে পড়বে। সবশেষ বার্তায় তাকে উদ্দেশ্য করে লেখা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’

ওসি আব্দুল হালিম বলেন, ‘আমরা দায়িত্ব পালন করছি। এসব হুমকি দিয়ে লাভ নেই। আমি এসব হুমকিতে ভয় পাই না। একটি গোষ্ঠি আমাদের নানা প্রতিবন্ধকতা তৈরি করতে চায়। তবে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। নম্বরটি বিদেশ থেকে ব্যবহারের সম্ভাবনা বেশি। বিদেশি নম্বর হওয়ায় শনাক্ত করতে সময় লাগবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights