বল টেম্পারিং বিতর্কের মধ্যেও অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকছেন কামিন্স

অনলাইন ডেস্ক
২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং বা বল বিকৃতির ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হলেও অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের ওপর আস্থা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। একাধিক সাবেক ক্রিকেটারের নতুন অভিযোগের মুখেও অধিনায়কত্ব ধরে রাখতে পারবেন এই পেসার। ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে দায়িত্ব থেকে সরানোর কোনো পরিকল্পনা করছে না।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ২০২১ সাল থেকে টেস্ট দলের নেতৃত্ব দেওয়া কামিন্সের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বোর্ড। এ বিষয়ে সপ্তাহান্তে আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে। আগামী ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের।

সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার উসমান খাজার আত্মজীবনীতে ২০১৮ সালের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে নতুন তথ্য প্রকাশের পর বিতর্কের সূত্রপাত হয়। খাজা দাবি করেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। এমনকি দলের বর্তমান অধিনায়ক কামিন্সও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন বলে ইঙ্গিত দেন তিনি।

খাজার বক্তব্যকে সমর্থন করেন সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, চ্যাড সেয়ার্স ও জন হল্যান্ড। এবার একই ধরনের অভিযোগ সামনে এনেছেন ওই ঘটনায় সরাসরি জড়িত ক্যামেরন ব্যানক্রফট।

ব্যানক্রফট সম্প্রতি চার হাজারের বেশি শব্দের একটি বিবরণ প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, বল কতটা সুইং করছে, তা নিয়ে দলের সব বোলারের সঙ্গে তার আলোচনা হয়েছিল। বল বিকৃতির পরিকল্পনা সফল হওয়ার পর খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন।

এ ঘটনায় তৎকালীন প্রধান কোচ ড্যারেন লেম্যান এবং বোলিং কোচ ডেভিড সাকারের নামও উল্লেখ করেছেন তিনি।

ব্যানক্রফট জানান, কামিন্সের সাম্প্রতিক সংবাদ সম্মেলনই তাকে নিজের বক্তব্য প্রকাশ করতে চূড়ান্তভাবে উৎসাহিত করেছে। ওই সংবাদ সম্মেলনের পর তিনি নিজেকে ক্ষুব্ধ, প্রতারিত ও একাকী অনুভব করেছিলেন।

অন্যদিকে বরাবরই বল টেম্পারিংয়ের পরিকল্পনায় জড়িত থাকা কিংবা এ বিষয়ে আগে থেকে জানার অভিযোগ অস্বীকার করে আসছেন কামিন্স। গত সপ্তাহে ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে তিনি খাজার দাবিকে ‘১০০ শতাংশ ভুল’ এবং ‘অর্থহীন’ বলে অভিহিত করেন। পাশাপাশি বিতর্কটির সব প্রশ্নের উত্তর দিয়ে বিষয়টির ইতি টানতে চান বলেও জানান।

উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনের নিউল্যান্ডস টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল ঘষে বিকৃত করার ঘটনায় ব্যানক্রফট, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার শাস্তির মুখে পড়েছিলেন।

এদিকে কামিন্সের অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত এখন অনেকটাই তার নিজের ওপর নির্ভর করছে বলে মনে করা হচ্ছে। তবে এখন পর্যন্ত দায়িত্ব ছাড়ার কোনো ইঙ্গিত দেননি তিনি। ফলে নতুন অভিযোগের মধ্যেও অস্ট্রেলিয়ার টেস্ট নেতৃত্বে তাঁর অবস্থান আপাতত অটুট থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights