চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ দুজন গ্রেফতার
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা ও যুবলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দিনাজপুরের চিরিরবন্দরে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোশরেফুল আলমকে (৫০) গ্রেফতার করে পুলিশ।
দুপুর দেড়টার দিকে বিশেষ অভিযানে তিনি গ্রেফতার হন। মোশরেফুল উপজেলার আব্দুলপুর ইউনিয়নের থানাপাড়ার আবুল হোসেন সরকারের ছেলে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার মোশরেফুলকে আদালতে সোপর্দ করা হয়েছে। দেশের অস্থিতিশীল পরিস্থিতি, নৈরাজ্য সৃষ্টিসহ নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ষড়যন্ত্রের অভিযোগে একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
অন্যদিকে, গতকাল শনিবার দিবাগত রাতে নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সামিউল আলিম ওরফে শুভ (২৯) নামে এক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলার দাউদপুর ইউনিয়নের দেওগাঁ গ্রামের হোরারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সামিউল ওই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সামিউলকে গ্রেফতার করা হয়েছে। সামিউল কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নবাবগঞ্জ উপজেলা শাখার দাউদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
