জাদরান ঝড়ের পর গালফ জায়ান্টসের রোমাঞ্চকর জয়

অনলাইন ডেস্ক

শেষ দিকে লড়াইটা জমিয়ে তুলেছিল শারজাহ ওয়ারিয়র্স। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৭ রানের ব্যবধান ঘোচাতে পারেনি তারা। আইএল টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করল গালফ জায়ান্টস।

এর আগে আফগানিস্তানের ইব্রাহিম জাদরানের ব্যাটে বড় সংগ্রহের ভিত পেয়েছিল গালফ জায়ান্টস। ডেভিড মিলারের সঙ্গে তাঁর কার্যকর জুটিতে ২০ ওভারে ১৬৮ রান তোলে দলটি। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রানেই থামে শারজাহর ইনিংস।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শারজাহ ওয়ারিয়র্স অধিনায়ক সিকান্দার রাজা। শুরুতে সেই সিদ্ধান্তের সুফলও পেয়েছিল দলটি। ২০ রানের মধ্যেই ফিরে যান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও তিন নম্বরে নামা লিয়াম লিভিংস্টোন। গুরবাজ ৭ বলে ৩ এবং লিভিংস্টোন ২ বলে ১ রান করেন।

এরপর আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে ইনিংস সামলানোর চেষ্টা করেন জাদরান। ১০ বলে ১৭ রান করে ওমরজাই ফিরলে ৫৮ রানে তৃতীয় উইকেট হারায় গালফ জায়ান্টস। অধিনায়ক হেনরিখ ক্লাসেনও টিকতে পারেননি। ৫ বলে মাত্র ১ রান করে জুনায়েদ সিদ্দিকির বলে বোল্ড হন তিনি। ৬১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গালফ জায়ান্টস। সেখান থেকেই ইনিংসের দৃশ্যপট বদলে দেন জাদরান ও মিলার।

জাদরান ও মিলারের জুটিতে আসে ৮৮ রান। ৩২ বলে ৪৭ রানের ইনিংস খেলেন মিলার। অন্য প্রান্তে জাদরান ছিলেন আরও আক্রমণাত্মক। ৫৩ বলে ৮৪ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও ছয়টি ছক্কা। ৩৫ বলে ফিফটি পূর্ণ করেন এই আফগান ব্যাটার।

১২.৪ ওভারে দলীয় ১০০ রান পার হয় গালফ জায়ান্টসের। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১৪৯ রানে পঞ্চম উইকেট হিসেবে ফেরেন জাদরান। মিলারও বেশিক্ষণ থাকতে পারেননি। শেষ দিকে ডেভিড ভিসে ৯ বলে ৮ এবং আকিল হোসেনের অপরাজিত ২ রানে ১৬৮ রানে পৌঁছায় গালফ জায়ান্টস। ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন জুনায়েদ সিদ্দিকি। সমান দুটি করে উইকেট পান অ্যাডাম মিলনে ও রিচার্ড গ্লিসন।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লড়াই করেছে শারজাহ ওয়ারিয়র্সও। শুরুটা অবশ্য ভালোই ছিল—৭৭ রান পর্যন্ত এক উইকেট ছিল, সেখান থেকে দ্রুত উইকেট হারাতে থাকে তারা। দলের হয়ে ওপেনার পল ওয়ালটার ২৪ বলে ৪, জেমস ভিন্স ২৬ বলে ৩১ এবং মোহাম্মদ নবী ৩২ বলে ৩৯ রান করেন।

তবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রানের বেশি করতে পারেনি তারা। ৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে গালফ জায়ান্টস। ভিসে ৪ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights