যৌনতা, অর্থ আর ট্রাম্প: এনভিডিয়ার জেনসেন হুয়াং কেলেঙ্কারির আদ্যোপান্ত
অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ক্ষমা করে দেবেন, তা বলাই বাহুল্য। প্রেসিডেন্ট আগেই স্পষ্ট করে দিয়েছেন যে, আমাদের মেধাবীদের রক্ষা করতে হবে। চীনা গুপ্তচরবৃত্তির নাটকীয়তার মাঝে ট্রাম্প এনভিডিয়ার যে প্রধানকে পুনর্বহাল করেছেন, তিনিই মূলত মার্কিন শেয়ার বাজার, যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং লাখ লাখ মানুষের অবসরকালীন সঞ্চয় ধরে রাখার মূল স্তম্ভ।
মঙ্গলবার নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প জানিয়েছেন, হুয়াংকে যেকোনো অপরাধ থেকে অব্যাহতি দেওয়া সবসময়ই বিকল্প হিসেবে খোলা আছে, তবে সম্ভবত এর প্রয়োজন পড়বে না। ক্ষমার এই দরজা খোলা রাখার মাধ্যমে ট্রাম্প মূলত এটাই বুঝিয়ে দিয়েছেন যে, তিনি নিজের হোয়াইট হাউসের উত্তরাধিকার বা লিগ্যাসিকে হুয়াংয়ের ফিরে পাওয়া ভাগ্যের ওপর কতটা সরাসরি স্থাপন করেছেন।
হুয়াং কোনো অপরাধ করেছেন; এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে প্রেসিডেন্টের নিজস্ব রাজনৈতিক এবং সম্ভবত ব্যক্তিগত আর্থিক স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিতর্কিত সিইওকে ক্ষমা করে দেওয়ার বিষয়টি ট্রাম্পের ক্ষমতা চর্চার নিজস্ব ধরন বা পদ্ধতির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
আসলে এনভিডিয়ার এই ঘটনাটি হতে পারে ট্রাম্প জমানার সবচেয়ে আদর্শ ও নিখুঁত এক নাটকীয় উপাখ্যান। ভবিষ্যতের ইতিহাসবিদেরা যখন মার্কিন রাজনীতিতে ট্রাম্পের তৈরি করা যুক্তিহীন জাদুর রহস্য ভেদ করতে গিয়ে হিমশিম খাবেন, তখন তাঁরা প্রেসিডেন্ট এবং এই এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) আইকনের গল্পের মধ্যেই বর্তমান যুগের সব অদ্ভুত ও অবিশ্বাস্য সূত্র খুঁজে পাবেন।
এই একটি ঘটনায় সবই আছে; অর্থ, ক্ষমতা, যৌনতা, গুপ্তচরবৃত্তি, ভবিষ্যৎমুখী প্রযুক্তি, দুর্নীতির সন্দেহ এবং চামড়ার জ্যাকেট পরা এক নায়কের খলনায়কে পরিণত হওয়ার গল্প। মঙ্গলবার হুয়াং ধ্রুপদী মার্কিন কায়দায় দ্বিমুখী সাফল্য পূর্ণ করেছেন; একদিকে যেমন তিনি ফিরে এসেছেন, তেমনি পেয়েছেন রূপকথার মতো দ্বিতীয় সুযোগ।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, প্রতিষ্ঠানজুড়ে চলা এক ঘণ্টার এক বৈঠকে প্রযুক্তিজগতের এই ফিরে আসা সম্রাট বলেন, আমি কিছু ভয়াবহ ভুল করেছিলাম। উল্লেখ্য, একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর হুয়াং প্রাথমিকভাবে পদত্যাগ করেছিলেন; যার মধ্যে একজন সন্দেহভাজন চীনা গোয়েন্দা এজেন্ট এবং অন্যজন তাঁর নিজ প্রতিষ্ঠানের একজন অধস্তন কর্মী ছিলেন।
তবে এই পুরো নাটকে হুয়াং কেবল একজন পার্শ্বচরিত্র মাত্র। রাজনীতির মঞ্চে একসাথে অনেকগুলো থালা ঘোরানোয় পারদর্শী ট্রাম্পই হলেন এই গল্পের আসল নায়ক। তিনিই একের পর এক শ্বাসরুদ্ধকর মোড় তৈরি করছেন, বিরোধীদের ক্ষুব্ধ করছেন এবং বেসরকারি ব্যবসায় সরকারি হস্তক্ষেপ না করার যে পুঁজিবাদী আদর্শ রয়েছে, তা পদদলিত করছেন।
ট্রাম্পের স্পর্শ পাওয়া অন্য সব বিষয়ের মতোই এই বিতর্কটিতেও গুরুতর সাংবিধানিক প্রশ্নের সাথে অত্যন্ত হাস্যকর ও অদ্ভুত সব বিষয়ের মিশ্রণ ঘটেছে। উদাহরণস্বরূপ, মার্কিন কংগ্রেস প্রেসিডেন্টের ক্ষমতার সীমা এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে একাধিক তদন্তের প্রস্তুতি নিচ্ছে। অথচ ঠিক এই সময়েই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিম শেয়ার করেছেন। যেখানে ২০২৪ সালে হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর তার নিজের ছবির বদলে জেনসেন হুয়াংয়ের ছবি বসানো হয়েছে এবং হুয়াং বিজয়ের ভঙ্গিতে একটি লাল রঙের ব্রা ওপরে তুলে ধরে আছেন।
সোমবার সিএনবিসিকে দেওয়া এক নজিরবিহীন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সে একজন ভালো মানুষ। সে নরকযন্ত্রণার মধ্য দিয়ে গেছে। এই সাক্ষাৎকারে ট্রাম্প আবারও দেখিয়েছেন যে, তার ব্যক্তিগত বা রাজনৈতিক লক্ষ্যকে হুমকির মুখে ফেলে এমন বিব্রতকর প্রমাণগুলোকে তিনি কত সহজে নিজের মতো করে যুক্তিসঙ্গত বলে উপস্থাপন করতে পারেন।
ট্রাম্পের অন্যান্য অনেক ঘটনার মতো এই অধ্যায়টিতেও যুক্তির বিশাল বৈপরীত্য দেখা যায়। ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় তিনি মার্কিন শিল্পের ওপর চীনের “ধর্ষণ” বন্ধ করার অঙ্গীকার করেছিলেন। এখন তিনি সতর্ক করছেন যে, উদীয়মান পরাশক্তি চীনের বিরুদ্ধে এআই দৌড়ে যুক্তরাষ্ট্রকে অবশ্যই জিততে হবে। কিন্তু চীনকে অবৈধভাবে এনভিডিয়ার চিপ কেনার সুযোগ দেওয়ার অভিযোগে হুয়াংকে শাস্তি দেওয়ার বদলে ট্রাম্প উল্টো তাঁকে বাঁচিয়ে দিয়েছেন। একই সময়ে তিনি চীনা নেতা শি জিনপিংয়ের সাথেও সখ্যতা গড়ে তুলছেন, যাকে তিনি প্রায়ই একজন মহান মানুষ বলে অভিহিত করেন।
সাবেক রিপাবলিকান সিনেটর মিট রমনিও এই ঘটনায় রীতিমতো হতবাক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রমনি লিখেছেন, বিষয়টা আমাকে একটু পরিষ্কার হতে দিন: চীনের চেয়ে এগিয়ে থাকার জন্য আমরা কোনো সুরক্ষা ব্যবস্থা বা নিয়ন্ত্রণ ছাড়াই এআই-কে তাড়াহুড়ো করে এগিয়ে নিলাম, আর ঠিক একই সময়ে আমাদের চেয়ে এগিয়ে যাওয়ার জন্য চীনের যে চিপগুলো প্রয়োজন, সেগুলোই তাদের কাছে বিক্রি করলাম। এর মধ্যে মুনাফা, দুর্নীতি এবং সম্ভবত এর চেয়েও খারাপ কিছুর গন্ধ পাওয়া যাচ্ছে।
ট্রাম্প জমানার কেলেঙ্কারিগুলোর আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো, প্রেসিডেন্ট নিজেই সরাসরি ধারাভাষ্য দিয়ে এমন সব আচরণের প্রশংসা করেন, যা ওভাল অফিসের আধুনিক যুগের অধিকাংশ বাসিন্দা নিষিদ্ধ বা সীমালঙ্ঘন বলে মনে করতেন।
রাজনৈতিক প্রতিপক্ষরা যখন হুয়াংয়ের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য বেসরকারি কর্পোরেট ব্যবসায় হস্তক্ষেপ করার অভিযোগ তুললেন, তখন ট্রাম্প তা অকপটে স্বীকার করে নেন। সিএনবিসিকে তিনি বলেন, আমি বোর্ডের সাথে সরাসরি এবং পরোক্ষভাবে কথা বলছি। তিনি আরও যোগ করেন, আমরা যা চেয়েছিলাম, বোর্ড সেই সিদ্ধান্তই নিয়েছে।
সমালোচকেরা আরও অভিযোগ করেছেন যে, প্রযুক্তি খাতের শেয়ারের দরপতন ঠেকাতেই ট্রাম্প হুয়াংয়ের ক্যারিয়ার বাঁচিয়েছেন, কারণ ওই পতনের ফলে পুরো শেয়ার বাজারে ধস নেমেছিল। ট্রাম্প স্বীকার করেছেন যে সমালোচকেরা সম্ভবত ঠিকই বলেছেন।
ট্রাম্পের সমর্থকেরা তার এই স্পষ্টবাদিতাকে বেশ সতেজ ও ইতিবাচক হিসেবেই দেখেন। তাছাড়া এনভিডিয়ার বিষয়ে তার এই হস্তক্ষেপের একটি ভিন্ন ও প্রচলিত ধারণার বাইরের ব্যাখ্যাও রয়েছে। যেহেতু এই প্রতিষ্ঠানটি এবং এর প্রধান নির্বাহী মার্কিন অর্থনীতি, বৃহত্তর এআই শিল্প এবং ভবিষ্যৎ মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত অপরিহার্য, তাই তিনি যদি তাদের পাশে না দাঁড়াতেন, তবে কি মার্কিন নাগরিকদের সুরক্ষার দায়িত্বে তার অবহেলা হতো না?
তবুও এই ঘটনাটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের একটি মূল বার্তাকেই প্রতিফলিত করে; আর তা হলো, ধনী ও ক্ষমতাশালীরা যা খুশি তাই করতে পারেন এবং তাদের কোনো শাস্তির মুখোমুখি হতে হয় না। সোমবার সিএনএনের কেইটলান কলিন্সকে ডেমোক্র্যাটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, ডোনাল্ড ট্রাম্প এনভিডিয়া পরিচালনাকারী তার বন্ধুর হাতে জেল থেকে মুক্তি পাওয়ার একটি কার্ড তুলে দিতে চান, আর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বলছেন, ‘হ্যা, দিয়ে দিন।
এই বিতর্কটি ট্রাম্পের আরেকটি স্বভাবকে সামনে নিয়ে এসেছে। আর তা হলো আমেরিকার গোপনীয় তথ্য রক্ষার ক্ষেত্রে তার চরম শৈথিল্য। প্রথম মেয়াদে তিনি একবার ওভাল অফিসে দুই শীর্ষ রুশ কর্মকর্তার সাথে অত্যন্ত গোপনীয় গোয়েন্দা তথ্য শেয়ার করেছিলেন। পরবর্তীতে ক্ষমতা ছাড়ার পর গোপনীয় নথিপত্র অব্যবস্থাপনার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। এখন হুয়াং চীনা ‘হানি ট্র্যাপ’ বা রূপের ফাঁদে পা দিয়েছেন কি না, সেই সম্ভাবনাও ট্রাম্পকে মোটেও বিচলিত করছে না। সিএনবিসিকে তিনি বলেন, আচ্ছা, কাদের সাথে (চীনাদের) যোগাযোগ নেই? আমি তো এইমাত্র চীন থেকে ফিরলাম।
অথচ হুয়াংয়ের কাছে অবিশ্বাস্য পরিমাণ গোপন তথ্য রয়েছে, যার মধ্যে শীর্ষ পর্যায়ের চিপের নকশাও অন্তর্ভুক্ত। পাশাপাশি তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ বলয়ের একজন সদস্য এবং মার্কিন এআই কৌশল নির্ধারণে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। ফলে যেকোনো বিদেশি গোয়েন্দা সংস্থার জন্য তিনি এক বিশাল তথ্যের খনি।
সাবেক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বেথ স্যানার মঙ্গলবার সিএনএনের ক্যাসি হান্টকে বলেন, হুয়াংয়ের কথিত প্রেমিকা চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়কে সহায়তা করছিলেন না এমন ধারণা একেবারেই নির্বোধের মতো। তিনি আরও বলেন, অবশ্যই তাকে এই কাজে লাগানো হয়েছিল। অবশ্যই তাকে প্ররোচিত করা হয়েছিল, উৎসাহিত করা হয়েছিল এবং প্রণোদনা দেওয়া হয়েছিল এমন একটি সম্পর্ককে কাজে লাগানোর জন্য, যা আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছেছিল এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিকে স্পর্শ করেছিল… দুই আর দুইয়ে চারই হয়।
তবুও মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে হুয়াংয়ের বিরুদ্ধে কোনো তদন্ত হয়েছে কি না, তখন তিনি পাল্টা প্রশ্ন করেন, কিসের জন্য? এটি আরও একবার মনে করিয়ে দিল যে, একসময়ের আধা-স্বাধীন বিচার বিভাগ (ডিওজে) এখন ট্রাম্পের আরেকটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।
এনভিডিয়ার এই বিতর্কটি নারীদের প্রতি ট্রাম্পের সেই পুরোনো ও অসংস্কারকৃত দৃষ্টিভঙ্গিকেই প্রতিফলিত করে এবং কর্মক্ষেত্রে ক্ষমতাশালী পুরুষদের আচরণ কেমন হওয়া উচিত সে বিষয়ে ‘মি-টু’ আন্দোলনের অর্জনগুলোকে নাকচ করে দেয়।
সিএনবিসির সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক; যার মধ্যে একজন অধস্তন কর্মীর সাথে সম্পর্কের অভিযোগও রয়েছে। তার যোগ্যতা হারানোর কারণ হওয়া উচিত নয় বরং এটি তাঁর ক্যারিয়ারকে আরও চাঙা করতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় সে এখন প্রায় আরও উঁচু স্তর থেকে কাজ শুরু করবে। বন্ধুরা, যৌনতা বিক্রি হয়।”
সোমবার নিউ ইয়র্ক টাইমসকে ট্রাম্প জানান, হুয়াংয়ের দাম্পত্য জীবনের কষ্ট ইতিমধ্যেই কেটে গেছে। তিনি বলেন, তার একজন অত্যন্ত, অত্যন্ত, অত্যন্ত ভালো স্ত্রী আছেন, এবং তারা বিষয়টি মিটমাট করে নিয়েছেন।
গত সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার এই নারীবিদ্বেষী মন্তব্যে কিছুটা বর্ণবাদী রঙও চড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, সে ছিল একজন সুন্দরী নারী, আর চীন থেকে আসা যেকোনো সুন্দরী নারীকেই তারা গুপ্তচর বলে মনে করে।
তবে হুয়াংকে তাঁর পদে ফিরিয়ে আনলেই এই কেলেঙ্কারি থেমে যাবে না।
হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্পের যে বিনিয়োগ অ্যাকাউন্টগুলো থেকে নিয়মিত এনভিডিয়ার শেয়ার কেনাবেচা করা হয়েছে, সেগুলো তার এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে কি না এবং প্রশাসন কোনো গোয়েন্দা হুমকি ধামাচাপা দিয়েছে কি না; তা জানতে চান ডেমোক্র্যাট এবং কিছু রিপাবলিকান নেতা। আগামী ডিসেম্বরের শুরুতে ক্যাপিটল হিলে হুয়াংয়ের হাজির হওয়ার কথা রয়েছে এবং সেখানে কথিত চীনা এজেন্টের সাথে তাঁর সম্পর্কের বিষয়ে তাঁকে কড়া জেরার মুখে পড়তে হবে। জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই তদন্তগুলো আরও জোরদার হবে।
হুয়াংয়ের এই উপস্থিতি ট্রাম্পের আচরণের ঝুঁকিগুলোকে সবার সামনে উন্মোচিত করবে। জেরার মুখে হুয়াংয়ের উত্তরে যদি স্বজনপ্রীতির পুঁজিবাদ (ক্রোনি ক্যাপিটালিজম) এবং সরকারি দুর্নীতি বা তথ্য গোপনের কোনো ইঙ্গিত পাওয়া যায়, তবে তা এআই খাত এবং সামগ্রিক অর্থনীতির ওপর মানুষের আস্থায় বড় ধরনের ধাক্কা দেবে। এর ফলে শেয়ার বাজারে অস্থিরতা তৈরি হতে পারে এবং ট্রাম্প তাঁকে উদ্ধার করার পর বাজারে যে ঘুরে দাঁড়ানোর প্রবণতা তৈরি হয়েছিল, তা পুরোপুরি মুছে যেতে পারে।
তাছাড়া এআই-এর কারণে চাকরি হারানোর ভয় এবং এর বিশাল ও বিদ্যুৎখেকো ডেটা সেন্টারগুলোর জ্বালানি ও পরিবেশগত প্রভাব নিয়ে জনক্ষোভের জেরে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর, তাঁর এক অজনপ্রিয় প্রযুক্তি বন্ধুকে রক্ষা করা প্রেসিডেন্টের জন্য রাজনৈতিকভাবে মোটেও ভালো কোনো বার্তা দিচ্ছে না।
ট্রাম্পের অন্যান্য অনেক বিতর্কের মতোই এনভিডিয়ার এই ঘটনায় এখনো অনেক পর্দা উন্মোচিত হওয়া বাকি রয়েছে। তবে অন্তত এখন পর্যন্ত এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যে, সারা জীবন ধরে তিনি যে বিশেষ গুণের ওপর ভরসা করে এসেছেন, অর্থাৎ সবকিছু করেও পার পেয়ে যাওয়ার যে সহজাত প্রতিভা তা এবার তাকে নিরাশ করবে।
সিএনএনের বিশ্লেষণ
