আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য, বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার

বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে মিজানুর রহমান মিজানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, বিএনপির কোনো নেতাকর্মী বহিষ্কৃত মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে প্রথমে তাঁকে শোকজ করা হয়েছিল। এর ভিত্তিতে কেন্দ্র থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights