এক ইলিশের দাম ১২ হাজার টাকা

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের একটি ইলিশ। মাছটি বিক্রি হয়েছে ১২ হাজার টাকায়। বুধবার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় স্থানীয় জেলে সাত্তার হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন মৎস্য আড়তে নিয়ে আসেন জেলে সাত্তার হালদার। সেখানে মাছ ব্যবসায়ী মো. শাহজাহান ৫ হাজার টাকা কেজি দরে মোট ১০ হাজার টাকায় মাছটি কিনে নেন। মাছটির ওজন ২ কেজি নিশ্চিত হওয়ার পর তিনি পর্তুগালপ্রবাসী এক ব্যক্তির কাছে ৬ হাজার টাকা কেজি দরে মোট ১২ হাজার টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান বলেন, সকালে স্থানীয় জেলে সাত্তার হালদারের কাছ থেকে ২ কেজি ওজনের ইলিশটি ৫ হাজার টাকা কেজি দরে কিনেছি। পরে পর্তুগালপ্রবাসী এক ব্যক্তির কাছে ৬ হাজার টাকা কেজি দরে ১২ হাজার টাকায় বিক্রি করেছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, পদ্মা নদীতে ২ কেজি ওজনের রুপালি ইলিশ পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়। ইলিশের উৎপাদন ও সম্পদ বৃদ্ধি করা গেলে বাজারে মাছটির দামও কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights