নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার: এমপি জাহাঙ্গীর
দিনাজপুর প্রতিনিধি
বর্তমান সরকার নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বোর্ডেরহাট হাজী মনসুর চৌধুরী দাখিল মাদরাসা মাঠে আস্করপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ইমাম-মোয়াজ্জিনের ভাতা, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে। ইতিমধ্যে এসব প্রতিশ্রুতির কয়েকটির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে এবং পর্যায়ক্রমে সবগুলো বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আলহাজ মো. আবু বকর ছিদ্দীককে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
আস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ মাহবুব আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আবু বকর ছিদ্দীক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না এবং আনিসুর রহমান বাদশাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সংসদ সদস্য আস্করপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় অনুদানের ঘোষণা দেন। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা গোলাম রব্বানী।
