এবিজি মিডিয়া কাপের জার্সি উন্মোচন, র্যাম্পে ৪৮ অধিনায়ক
অনলাইন ডেস্ক
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোরে আয়োজিত অনুষ্ঠানে ৪৮টি দলের অধিনায়কের উপস্থিতিতে জার্সি উন্মোচন করা হয়।
এ সময় ৪৮টি দলের অধিনায়ক উপস্থিত ছিলেন। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠান শুরু হয়। পরে লটারির মাধ্যমে ৪৮টি দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়। এরপর ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।
৪৮টি দলের অধিনায়করা জার্সি পড়ে ফ্যাশন শো’তে অংশ নেন। আগামী ১ ডিসেম্বর মাঠে গড়াবে এবিজি মিডিয়া কাপের মূল প্রতিযোগিতা। দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও রেডি স্টেশনের গণমাধ্যমের ৪৮টিদল এতে অংশ নেবে। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) আয়োজনে এবং বসুন্ধরা সিটি-২ এর সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রাইজমানি দেশের যেকোনো টুর্নামেন্টের চেয়ে সবচেয়ে বেশি।
