পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি ও উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান মন্ত্রীর

অনলাইন ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি ও উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল জাতিগোষ্ঠীর মধ্যে আস্থা, বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।

শনিবার খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও পর্যটন খাতের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় সাচিং প্রু বলেন, পার্বত্য অঞ্চল ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আয়কর মওকুফ করে প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড়ের মানুষের প্রতি যে ঐতিহাসিক আন্তরিকতা দেখিয়েছেন, তা দেশের ইতিহাসে প্রথম।

পাহাড়ে আঞ্চলিক সংগঠনগুলোর ভূমিকা ও সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরে সাচিং প্রু বলেন, আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে সরকার বা বিএনপির কোনো ব্যক্তিগত বিরোধ নেই, রাষ্ট্রের সঙ্গে তাদের দীর্ঘদিনের কিছু চাওয়া-পাওয়ার বিষয় থাকতে পারে। তবে প্রশ্ন হলো, তারা কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুপ্ত সংগঠনের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে?

তিনি বলেন, ২০০৪ সালের ৬ আগস্ট থেকেই তৎকালীন আওয়ামী লীগের মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মহালছড়ির মুবাছড়িতে শেল্টার দেওয়া হয়েছিল এবং তিনি সেখানে তিন মাস অবস্থান করেছিলেন। বিষয়টি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে বারবার জানানো হয়েছে।

পাহাড়ে সাম্প্রদায়িক উসকানি ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, উগ্রবাদী সশস্ত্র গোষ্ঠী ও কিছু বিদেশি মহল এখানে দাঙ্গা ও সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টির উসকানি দেয়। কিন্তু সাধারণ মানুষ এখন সচেতন। গত নির্বাচনে অর্ধেকের বেশি পাহাড়ি ভাই-বোনেরা আমাকে ভোট দিয়ে যে আস্থার জায়গা তৈরি করেছেন, তা প্রমাণ করে আমরা একসাথে থাকলে কোনো অপশক্তিই সফল হতে পারবে না। নিজ নিজ কর্মস্থল ও আশপাশের মানুষদের ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করার মাধ্যমে এই সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে।

গভীর রাতে সন্দেহজনক চলাফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, রাত দুইটা-তিনটার দিকে পরিচয়হীন কিছু মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলাচল করে। এ সময় কোনো দুর্ঘটনা ঘটলে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিজ্ঞাসাবাদ করলে সেটিকে কেন্দ্র করে বড় ধরনের সাম্প্রদায়িক ভুল বোঝাবুঝি ও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা থাকে। গত দুই বছরেরও বেশি সময় ধরে পাহাড়ি-বাঙালি যেভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, তা যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সেদিকে প্রশাসন ও স্থানীয়দের সজাগ থাকতে হবে।

পার্বত্য অঞ্চলের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে সাচিং প্রু বলেন, শহীদ জিয়াউর রহমান পাহাড়ের ১১টি এবং সমতলের ৪০টিসহ মোট ৫১টি জাতিসত্তাকে ‌‌‘বাংলাদেশি জাতীয়তাবাদ’র দর্শনে একীভূত করেছিলেন। পার্বত্য মানুষের শিক্ষা, স্বাস্থ্য, শান্তি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে তিনিই সর্বপ্রথম ‘চট্টগ্রাম হিল ট্র্যাক্টস ডেভেলপমেন্ট বোর্ড’ গঠন করেন এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাহাড়ি জনগোষ্ঠীকে একত্রিত করে যৌথ খামার ও পাঁচ একর করে জমি প্রদানের মাধ্যমে তাদের স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights