মিয়ানমারে বিয়েবাড়িতে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ১৭
অনলাইন ডেস্ক
মিয়ানমারের একটি সংঘাতপূর্ণ এলাকায় বিয়েবাড়িতে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন এক প্রত্যক্ষদর্শী। শনিবারের এই হামলায় আরও অনেকে আহত হয়েছেন। হামলার পর ছড়িয়ে পড়া ছবিতে অন্তত ছয়জনের মরদেহ দেখা গেছে, যাদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মো বায়ে এলাকার একটি গ্রামে এই বিমান হামলা চালানো হয়। অঞ্চলটিতে বিপুলসংখ্যক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের বসবাস রয়েছে। মো বায়ে শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এর বাইরের গ্রাম ও গ্রামীণ এলাকাগুলোতে বিরোধীদের তৎপরতা রয়েছে।
ওই প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, দুই বাস্তুচ্যুত ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলা একটি বাড়িতে বোমাটি আঘাত হানে। তিনি কাছাকাছি এলাকায় বিমান ওড়ার শব্দ শুনেছিলেন, তবে তাদের এলাকায় বোমা ফেলা হবে বলে ভাবেননি। ঘরে ঢোকার পরপরই বিকট বিস্ফোরণের শব্দ শোনেন এবং হামলার স্থলে প্রচুর ধোঁয়া দেখতে পান।
সহায়তা করতে ঘটনাস্থলে ছুটে গিয়ে ১৭টি মরদেহ এবং অনেক আহত মানুষকে দেখতে পান বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে রক্তাক্ত আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সরিয়ে নিতে দেখা গেছে। তবে এএফপি স্বাধীনভাবে এসব ভিডিও এবং অন্য গ্রামবাসীদের কাছ থেকে পাওয়া ছবির সত্যতা যাচাই করতে পারেনি।
এ ঘটনায় মন্তব্যের জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। পর্যবেক্ষক সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, এই সংঘাতে সব পক্ষ মিলিয়ে এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।
