সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী নিহত
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী অফিক হাসান অভি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ছিলেন।
শনিবার দুপুরে নগরীর দর্শনা মোড় এলাকায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়।
বেরোবি এমআইএস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূঁইয়া দুর্ঘটনায় মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, আইন প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
