জেলেপল্লির শিশুদের পুষ্টিকর খাবার ও শিক্ষাবৃত্তির আশ্বাস চট্টগ্রামের ডিসির

অনলাইন ভার্সন

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম নগরীর আকমল আলী ঘাটের জেলেপল্লির শিশুদের মধ্যে দুধ, ডিম ও চকলেট বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শনিবার জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিশুদের পুষ্টির পাশাপাশি তাদের শিক্ষা, খেলাধুলা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। এ সময় তিনি শিশুদের চাহিদা অনুযায়ী ক্রীড়াসামগ্রী দেওয়ার পাশাপাশি মেধাবীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করার কথা জানান।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই শিশুরাই একদিন জেলে সম্প্রদায়ের ভাগ্য পরিবর্তন করবে—এটাই আমাদের প্রত্যাশা। গত ৩০ থেকে ৫০ বছরে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনমানে উল্লেখযোগ্য পরিবর্তন এলেও জেলে সম্প্রদায়ের জীবনমানে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। অথচ দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন।

তিনি আরও বলেন, জেলেদের জীবনমানের উন্নয়ন ও পেশাগত ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে জেলে সম্প্রদায় ভবিষ্যতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং এতে তাদের দীর্ঘদিনের পেশাগত ঐতিহ্যও হুমকির মুখে পড়তে পারে। এ জন্য জেলে পরিবারের সন্তানদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ যোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights