জামালদের অনুপ্রেরণা সাবিনাদের সাফ ট্রফি

রাশেদুর রহমান, বেঙ্গালুরু থেকে
এক বছরও হয়নি। নেপাল থেকে সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে ঘরে ফিরেছিলেন সাবিনা খাতুনরা। সারাদেশ সেই ট্রফি নিয়ে উৎসবে মেতেছিল। ফুটবলপ্রেমীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাবিনাদের অভিবাদন জানিয়েছিলেন। এক বছরেরও কম সময়ে আবারও সাফের লড়াইয়ে বাংলাদেশ। এবার ছেলেরা। মেয়েদের সাফ ট্রফি অনুপ্রেরণা যোগাচ্ছে জামাল ভূঁইয়াদের।

কাল বিকালে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে কুয়েতের। ফিফা র‌্যাঙ্কিং কিংবা বর্তমান পারফরম্যান্স, দুটোতেই অনেক এগিয়ে কুয়েত। তবে প্রতিপক্ষ নয়, নিজেদের শক্তিমত্তার ওপর আস্থা রেখে ফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

আজ ভারতের বেঙ্গালুরু শহরের এক হোটেলে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূইয়া জানালেন, দলটা ফাইনাল খেলতে চায়। সেমিফাইনালে দারুণ উজ্জীবিত একটা দল খেলবে।
অধিনায়ক জামাল ভূইয়া বললেন, ‘মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জয় করাটা আমাদের জন্য অবশ্যই প্রেরণাদায়ক। তারাও নিশ্চয় আমাদের ম্যাচের প্রতি দৃষ্টি রেখেছে। আমরাও সাফ চ্যাম্পিয়নশিপ জয় করতে চাই।’

প্রতিপক্ষ বেশ কঠিন। চলমান টুর্নামেন্টের অন্যতম ফেবারিট। গত নয় ম্যাচে তাদেরকে কেউ হারাতে পারেনি। এমন এক দলের বিপক্ষে খেলা কতটা কঠিন হবে? কোচ হাভিয়ের কাবরেরা বললেন, ‘প্রতিপক্ষ শক্তিশালী, এতে কোনো সন্দেহ নেই। আমরা তাদের (কুয়েত) দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করব। ম্যাচে নিজেদের কৌশলী ফুটবলে তাদেরকে চমকে দিতে চাইব।’

কুয়েত গ্রুপ পর্বে দুটি ম্যাচ জয় করেছে এবং একটিতে ড্র করেছে। টুর্নামেন্টের অন্যতম ফেবারিটও তারা। তবে জামাল ভূইয়া জানালেন, নিজেদের খেলাটা খেলতে চান মাঠে। বাকিটা নিয়ে তারা আপাতত ভাবছেন না।

আগের দুই ম্যাচেই বাংলাদেশ প্রথমে গোল হজম করেছে। এরপর ম্যাচে ফিরে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছেন জামাল ভূইয়ারা। কিন্তু কুয়েতের বিপক্ষে এমনটা হলে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারবে বাংলাদেশ? কোচ কাবরেরা বলছেন, ‘আমরা এই বিষয়টা নিয়ে কাজ করছি। কুয়েতের বিপক্ষে আমরা ডিফেন্স আরও শক্ত করার দিকে মনোযোগী হবো।’

এই দলের বিপক্ষে প্রথম গোল হজম করলে ম্যাচে ফেরা সহজ হবে না বলে জানালেন কাবরেরা। ২০০৯ সালের পর প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। এই অর্জন আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দিচ্ছে বাংলাদেশকে। উজ্জীবিত এক দলই মাঠে দেখবে প্রতিপক্ষ। এই দলের পক্ষে অনেক কিছুই সম্ভব।

কুয়েতের কোচ রুই বেনতো বাংলাদেশের খেলা নিয়ে বেশ সতর্ক। তিনি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলবো। তবে বাংলাদেশ বেশ ভালো দল। ম্যাচে আমাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে।’

আগামীকাল বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও লেবানন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights