ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রায় তিন লাখ টাকার ইয়াবাসহ আনোয়ার ভূঁইয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার দুপুরে আটক আনোয়ার ভূঁইয়াকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গা উপজেলার পশ্চিম সদরদী নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাকে আটক করা হয়। সে জেলার ভাঙ্গা উপজেলার শাহমুল্লুকদী গ্রামের দেলোয়ার ভূঁইয়ার ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম জানান, আনোয়ার কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে দীর্ঘদিন ধরে ভাঙ্গা এলাকায় বিক্রি করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালাই। এসময় আনোয়ার ভূঁইয়ার দেহ তল্লাশি করে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। পরে তাকে আটক করা হয়। তিনি বলেন, এ ব্যাপারে মঙ্গলবার সকালে ফরিদপুরের ভাঙ্গা থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। একইদিন দুপুরে তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
