হাত-পায়ের রগ কেটে কুপিয়ে কলেজছাত্রকে হত্যা করলো কিশোর গ্যাং

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরের পূর্ব শত্রুতার জের ধরে হাত-পায়ের রগ কেটে ও এলোপাথারী কুপিয়ে এক কলেজছাত্রকে হত্যা করেছে কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা। রবিবার দুপুরে জেলার শিবপুর উপজেলার বন্যারবাজার তাতারকান্দী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষার্থী নাহিদ (১৮) উপজেলার হরিহরদী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং তাতারকান্দী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

সংশ্লিষ্ট খবর- নরসিংদীতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

নিহত নাহিদের ভাই নাঈম জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে ফরম ফিলাপের জন্য বাড়ি থেকে বের হয়ে কলেজে যাওয়ার উদ্যেশে রওনা দেয় নাহিদ। এসময় এলাকায় কিশোর গ্যাং হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলসহ একাধিক সন্ত্রাসী তাকে ধাওয়া করে। দেশিয় অস্ত্র (চাপাতি) দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে ফেলে। পরে তাকে এলোপাতারি কোপানোর পাশাপাশি ডোবার পানিতে চুবিয়ে হত্যা করে। পরে এলাকাবাসীর সহায়তায় নাহিদকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা আরো জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত চার মাস আগে নিহত নাহিদের বন্ধুদের সাথে দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলদের ঝড়গা হয়। ওই ঝড়গার সময় নাহিদের বন্ধুদের সাথে সেও ছিল। এতে দেলোয়ার ও তার বন্ধুরা নিহত নাহিদের উপর ক্ষিপ্ত ছিল। এরই জেরে তারা নাহিদকে হত্যা করে।

নিহতের স্বজনরা আরো জানায়, অভিযুক্তরা এলাকায় কিশোর গ্যাং পরিচালনার পাশাপাশি স্থানীয় বাজার থেকে চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে কলেজ ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights