টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইক্ষ্যংখালী এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। আটক ব্যক্তি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব মহেশ খালীয়াপাড়া (মধ্য হ্নীলা) এলাকার মৃত সাব্বির আহমদের ছেলে আব্দুর রহিম (৩৯)।

কক্সবাজার র‌্যাব ১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার দুপুর ২টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকায় আব্দুল মালেকের গাউছিয়া স্টোর নামে একটি মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজারে সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আব্দুর রহিম নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে সর্বমোট ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights